মৌসুমীকে বিয়ের গুজব প্রসঙ্গে যা বললেন হাসান জাহাঙ্গীর


হাসান জাহাঙ্গীর ও মৌসুমী। ছবি: সংগৃহীত
দেশের বাইরে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বাস করছেন চিত্রনায়িকা মৌসুমী। অভিনয়ে অনিয়মিত হলেও গত বছর তার অভিনীত টেলিফিল্ম ‘সুন্দরী পিএস চাই’ মুক্তি পেয়েছে, যেখানে সহশিল্পী হিসেবে ছিলেন হাসান জাহাঙ্গীর। টেলিফিল্ম প্রচারের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে, মৌসুমী নাকি হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেছেন।
এই গুজব নিয়ে দুজনেই বেশ বিব্রত। সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাসান জাহাঙ্গীর বলেন, “আমি এখনো আইনি পদক্ষেপ নিইনি। কিন্তু যদি এই ধরনের গুজব ছড়ানো চলতে থাকে, তাহলে আমি আইনি ব্যবস্থা নেব। মৌসুমী ও আমি নাকি বিয়ে করেছি—এটি কত বড় বিব্রতকর বিষয় তা কল্পনা করতে পারেন।”
তিনি আরও বলেন, “যেসব পত্রিকা ও ইউটিউব চ্যানেল আমাদের নিয়ে নিউজ করেছে, তারা শুধু ভিউয়ের কথা ভাবেছে; মৌসুমীর মর্যাদা নিয়ে কেউ ভাবেনি। মৌসুমীর বিকল্প নেই। শাবানা ম্যাডামের পর ইন্ডাস্ট্রিতে একমাত্র যে এসেছে, তিনি মৌসুমী। আল্লাহপ্রদত্ত প্রতিভাধর একজন মানুষ।”
গুজবের কারণে মানহানি মামলার হুশিয়ারি দিয়ে জাহাঙ্গীর বলেন, “এআই ব্যবহার করে ছবি বানিয়ে আমাদের হাজবেন্ড-ওয়াইফ বানিয়ে নিউজ ছড়ানো হচ্ছে। বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ফোন করে জানতে চাইছেন, আমরা বিয়ে করেছি কি না। এটি অত্যন্ত সমস্যাজনক। আমি শিগগিরই সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানাব এবং যদি এ ধরনের নিউজ বা ভিডিও ছড়ানো হয়, আমি ১০ কোটি টাকার মানহানি মামলা করব সাইবার সুরক্ষা আইনে।”
মৌসুমীর স্বামী অভিনেতা ওমর সানীর বিষয়ে জাহাঙ্গীর বলেন, “নিন্দুকদের কথা নিয়ে কী বলবেন। এই বয়সে কি আবার বিবাহ করা যায়? আমি ওমর সানীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখি। কিছুদিন আগে আমি তার সঙ্গে একটি ওয়েব সিরিজও করেছি। আমাদের পারিবারিক সম্পর্ক সুদৃঢ়।”
নাটকের জনপ্রিয়তা প্রসঙ্গে জাহাঙ্গীর বলেন, “প্রোডাকশনটি আমেরিকায় প্রচারিত হয়েছে এবং সেখানে দর্শকরা মুখে মুখে গল্পটি আলোচনা করছে। গল্পে দেখা যায়, যুক্তরাষ্ট্রে স্বামী তার স্ত্রীর জন্য চাকরি দিয়েছেন এবং এরপর তার পরিণতি কী হয়। এটি দর্শকরা খুব পছন্দ করেছেন। দেশের জিটিভিতেও প্রচার হয়েছে এবং আরও তিনটি চ্যানেলে সম্প্রচারিত হয়েছে।”










