ভক্তদের তোপের মুখে রাম চরণ, হাসপাতালে বিশৃঙ্খলা


হাসপাতালের বাইরে ভক্তদের ভিড়ের মধ্যে পরিবারকে আগলে রাখছেন অভিনেতা রাম চরণ। ছবি: সংগৃহীত
দ্বিতীয়বার বাবা হয়েছেন দক্ষিণী চলচ্চিত্রের মেগাস্টার রাম চরণ। স্ত্রী উপাসনা কোনিদেলার কোলজুড়ে এসেছে যমজ সন্তান—এক ছেলে ও এক কন্যা। পরিবারে নতুন অতিথি আসায় আনন্দের আবহ থাকলেও, হাসপাতালের বাইরে ভক্তদের অতিরিক্ত ভিড়ে একপর্যায়ে বিশৃঙ্খল পরিস্থিতির মুখে পড়েন এই জনপ্রিয় অভিনেতা।
রোববার (১ ফেব্রুয়ারি) বড় মেয়ে ক্লিন কারাকে সঙ্গে নিয়ে স্ত্রী ও নবজাতক সন্তানদের দেখতে হাসপাতালে যান রাম চরণ। তাকে একনজর দেখার আশায় আগে থেকেই হাসপাতালের বাইরে শত শত ভক্ত জড়ো হন। অভিনেতা হাসপাতাল থেকে বের হওয়ার সময় ভক্তরা তাকে ঘিরে ধরলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নামার পরপরই অনুরাগীদের ভিড়ে পড়েন রাম চরণ। প্রবল ধাক্কাধাক্কির মধ্যে এক পর্যায়ে তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান। সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে থাকেন।
ভিড়ের মধ্যেই রাম চরণ তার মেয়ে ক্লিন কারাকে বুকের সঙ্গে জাপটে ধরে কোনোমতে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। নিরাপত্তা জোরদার থাকলেও অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি কিছু সময়ের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এদিকে পরিবারে নতুন সদস্য আগমনের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন রাম চরণের বাবা ও কিংবদন্তি অভিনেতা চিরঞ্জীবী। তিনি জানান, রাম চরণ ও উপাসনা যমজ সন্তানের বাবা-মা হয়েছেন এবং মা ও সন্তানরা সবাই সুস্থ আছেন।
নাতি-নাতনি হওয়ার আনন্দ প্রকাশ করে চিরঞ্জীবী লেখেন, এটি তাদের পরিবারের জন্য অত্যন্ত আনন্দের মুহূর্ত। তিনি এ সময় ভক্ত ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতাও জানান। তবে ভক্তদের প্রতি নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার অনুরোধও উঠে এসেছে এই ঘটনার পর।










