Something went wrong

ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন অভিনেতা টম ক্রুজ

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
১৬ আগস্ট, ২০২৫ এ ৪:৪৬ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

হলিউডের জনপ্রিয় ও কিংবদন্তি অভিনেতা টম ক্রুজ আবারও আলোচনার কেন্দ্রে। অসাধারণ অভিনয় এবং শিহরণ জাগানো স্টান্টের জন্য বিশ্বব্যাপী কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেওয়া এই তারকা এবার আলোচনায় এসেছেন এক ভিন্ন কারণে। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে কেনেডি সেন্টার সম্মাননা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

মার্কিন গণমাধ্যম সূত্রে জানা যায়, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে থাকার সময়ে প্রথম দফায় যেসব তারকা এ সম্মাননা পেতে যাচ্ছেন, সেই তালিকায় টম ক্রুজের নামও ছিল। তবে শেষ পর্যন্ত সময়সূচির অসঙ্গতির কারণে তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন।

গত ১৩ আগস্ট ডোনাল্ড ট্রাম্প ৪৮তম কেনেডি সেন্টার সম্মাননা প্রাপকদের তালিকা প্রকাশ করেন। ওই তালিকায় ছিলেন বিশ্ববিখ্যাত গ্ল্যাম মেটাল ব্যান্ড কিস, ব্রডওয়ে তারকা মাইকেল ক্রফোর্ড, কান্ট্রি সংগীতশিল্পী জর্জ স্ট্রেইট এবং গায়িকা গ্লোরিয়া গেনর। চলচ্চিত্র তারকাদের মধ্যে মনোনীত হয়েছেন সিলভেস্টার স্ট্যালোন, মেল গিবসন এবং জন ভয়েট।

এবারের সম্মাননা প্রদানের বিশেষ আয়োজন সরাসরি ট্রাম্প নিজেই পরিচালনা করবেন বলে জানানো হয়। তবে টম ক্রুজের না বলা নিয়ে ইতোমধ্যেই হলিউডে নানা ধরনের আলোচনার ঝড় বইছে। কেউ কেউ তার এই সিদ্ধান্তকে ব্যক্তিগত অবস্থান হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন, এটি রাজনৈতিক বার্তা বহন করছে।

টম ক্রুজের এই সিদ্ধান্ত ভবিষ্যতে হলিউড ও রাজনীতির সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক তৈরি করতে পারে বলে মত দিয়েছেন বিশ্লেষকেরা। তবে তার ভক্তরা মনে করছেন, অভিনয় ও কর্মজীবন নিয়েই টম ক্রুজ বরাবরই ব্যস্ত থাকতে চান।

 

Advertisement
Advertisement