Something went wrong

আবারও শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘লহু’-এর শুটিং

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
৬ জুলাই, ২০২৫ এ ২:৫৩ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দীর্ঘ টানাপড়েনের অবসান ঘটার পর অবশেষে জানা গেল এমনই সুসংবাদ। সিরিজটিতে রয়েছেন ঢাকাই চিত্রনায়ক আরিফিন শুভ; তার সঙ্গে জুটি বাঁধছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার।

সিরিজটি নির্মাণ করছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। পরিচালকের দায়িত্বে আছেন ওপার বাংলার রাহুল মুখার্জী। শুটিং শুরু হয়েছিল আগেই, তবে ফেডারেশনের কিছু নিয়ম লঙ্ঘনের অভিযোগে প্রজেক্টটি থেমে যায়।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ডিরেক্টরস ফেডারেশনের নিয়ম না মেনে পরিচালক শুটিং শুরু করেন। ফলে ফেডারেশনের পক্ষ থেকে তাকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়। এরপর এই ঘটনা টালিউডে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে।

অবশেষে এই সব জটিলতার অবসান ঘটেছে; মনোমালিন্য পেরিয়ে ফের পুরোনো ছন্দে ফিরছে ‘লহু’। ওটিটি প্ল্যাটফর্ম চরকির ভারতীয় কর্মকর্তা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় এবং পরিচালক রাহুল মুখার্জী জানিয়েছেন, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের মধ্যস্থতায় সমস্যা মীমাংসা হয়েছে।

রাহুল বলেন, “স্বরূপদা না থাকলে এটা সম্ভব হতো না। ওনার সহযোগিতায় আবার শুটিং ফ্লোরে ফিরতে পারছি।”

অন্যদিকে অনিন্দ্য বলেন, “আমাদের দিক থেকেও কিছু ভুল ছিল, যা স্বরূপদা বুঝিয়ে দিয়েছেন। এখন ফের ‘লহু’ শুটিং শুরু করছি, পাশাপাশি চরকির আরও কিছু প্রজেক্ট পরিকল্পনায় রয়েছে।”

‘লহু’ সিরিজে আরিফিন শুভর যুক্ত হওয়াকে গুরুত্বসহকারে দেখা হয়েছে। এছাড়াও শুরু থেকেই সিরিজটি দর্শক এবং ইন্ডাস্ট্রির মধ্যে ভালো আগ্রহ সৃষ্টি করেছিল। তাই ‘লহু’ শুটিংয়ের পুনরায় শুরু নতুন করে আশার আলো দেখাচ্ছে।

 

আজকের প্রথা/এআর

Advertisement
Advertisement