আজহারীকে ধন্যবাদ জানিয়ে চিত্রনায়িকা বর্ষার আবেগঘন ফেসবুক পোস্ট


ড. মাওলানা মিজানুর রহমান আজহারী ও ঢাকাই সিনেমার নায়িকা আফিয়া নুসরাত বর্ষা। ছবি: সংগৃহীত
জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ড. মাওলানা মিজানুর রহমান আজহারীর লেখা বই ‘এক নজরে কুরআন’ পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে বইটির ছবি শেয়ার করে আজহারীকে ধন্যবাদ জানান তিনি। ব্যক্তিজীবন ও ধর্মীয় চর্চায় মনোযোগী এই নায়িকার পোস্টটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে।
ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ বর্ষা বর্তমানে শোবিজের কাজ থেকে অনেকটাই দূরে রয়েছেন। নিয়মিত ইবাদত পালন এবং ধর্মীয় জ্ঞানচর্চায় সময় কাটাচ্ছেন তিনি। গত বছর ওমরাহ পালন শেষে তিনি ঘোষণা দেন, ভবিষ্যতে আর নতুন কোনো চলচ্চিত্রে কাজ করবেন না। সন্তানদের ভবিষ্যৎ ও পারিবারিক জীবনের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
সময় গড়ালেও সেই সিদ্ধান্তে অটল রয়েছেন বর্ষা। সম্প্রতি নতুন কোনো সিনেমায় তাকে দেখা না গেলেও ফটোশুট কিংবা পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে মাঝে মাঝে উপস্থিত থাকেন তিনি। অবসর সময়ে বই পড়া তার অন্যতম প্রিয় অভ্যাস, বিশেষ করে ধর্মীয় বইয়ের প্রতি তার আগ্রহ বেশি।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি ড. মিজানুর রহমান আজহারীর লেখা ‘এক নজরে কুরআন’ বইটি পড়েছেন বর্ষা। শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে বইটির কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, অনেক দিন ধরেই বইটি পড়ার ইচ্ছা ছিল। তিনটি বই অর্ডার করেছিলাম, আজ হাতে পেয়েছি। এর মধ্যে দুটি আমার বোনদের জন্য।”
পোস্টে বর্ষা আরও উল্লেখ করেন, জীবনে খুব বেশি কিছু জানা না থাকলেও এই বইটি পড়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন বলে তিনি আশাবাদী। এরপর ড. মিজানুর রহমান আজহারীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, “এই বইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে উত্তম প্রতিদান দেন।”
প্রসঙ্গত, ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। ওই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন ব্যবসায়ী-চিত্রনায়ক অনন্ত জলিল। এক বছর পর, ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর, ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। তাদের সংসারে রয়েছে দুই পুত্রসন্তান—আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল।










