‘রাহুল-প্রিয়াংকা জুটি আমি তৈরি করেছিলাম’— রাজ চক্রবর্তী


রাহুল অরুণোদয়ের মৃত্যুতে শোক প্রকাশ করছেন পরিচালক রাজ চক্রবর্তী । ছবি: সংগৃহীত
টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ চলচ্চিত্র অঙ্গন। রোববার (২৯ মার্চ) পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তের তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। এ খবর পেয়ে গভীর শোক প্রকাশ করেছেন পরিচালক রাজ চক্রবর্তী।
২০০৮ সালে চিরদিনই তুমি যে আমার সিনেমার মাধ্যমে রাহুল অরুণোদয়ের ক্যারিয়ারে বড় ব্রেক এনে দেন রাজ চক্রবর্তী। এই সিনেমাতেই গড়ে ওঠে জনপ্রিয় ‘রাহুল-প্রিয়াংকা’ জুটি, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। রাজ বলেন, “এই জুটিটা আমি নিজ হাতে তৈরি করেছিলাম। সেই জুটির একজন আজ আর নেই—এটা মানতে কষ্ট হচ্ছে।”
পরিচালক জানান, প্রথমে এই মৃত্যুর খবর শুনে তিনি বিশ্বাস করতে পারেননি। সহকর্মীর কাছ থেকে খবর পাওয়ার পরও তিনি ভেবেছিলেন, হয়তো ভুল তথ্য। পরে নিশ্চিত হয়ে গভীরভাবে ভেঙে পড়েন তিনি। তার ভাষায়, “১৮ বছর আগের আমাদের প্রথম কাজ। ও শুধু ভালো অভিনেতাই ছিল না, লেখালিখিতেও দক্ষ ছিল। ইন্ডাস্ট্রির জন্য বড় ক্ষতি।”
রাহুল ও প্রিয়াংকা সরকার-এর পর্দার প্রেম বাস্তব জীবনেও রূপ নেয়। ২০১০ সালে বিয়ে করেন তারা এবং এক পুত্রসন্তানের জন্ম হয়। যদিও একসময় তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল, পরবর্তীতে সেই সম্পর্ক আবারও জোড়া লাগে। দর্শকদের কাছে এই জুটি দীর্ঘদিন জনপ্রিয় ছিল।
ঘটনার দিন শুটিং শেষে একাই সমুদ্রে নামেন রাহুল। ইউনিট সূত্রে জানা যায়, পানির নিচে তার পা বালিতে আটকে যায় এবং হঠাৎ ঢেউয়ের ধাক্কায় তিনি ভারসাম্য হারান। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
২০২৩ সালে একটি সিনেমাকে ঘিরে রাহুল ও রাজের মধ্যে বিতর্ক তৈরি হলেও এ বিষয়ে এখন আর কিছু মনে করতে পারছেন না বলে জানান রাজ চক্রবর্তী। তিনি বলেন, “এখন এসব ভাবার সময় নয়। আমরা চাইলেও আর ওর সঙ্গে কথা বলতে পারব না, ওর অভিনয় দেখতে পারব না।”
রাহুল অরুণোদয়ের মৃত্যুতে টালিউডে নেমে এসেছে শোকের ছায়া। তার অভিনীত ‘বর বউ খেলা’ ও ‘কেন কিছু কথা বলো না’সহ একাধিক কাজ দর্শকদের মনে দীর্ঘদিন বেঁচে থাকবে। বিশেষ করে ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার কৃষ্ণ-পল্লবী জুটি বাংলা চলচ্চিত্রপ্রেমীদের কাছে অমলিন হয়ে থাকবে।










