প্রকাশ্যে হেনস্তার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন মৌনী রায়


একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হওয়া অভিনেত্রী মৌনী রায়। ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মৌনী রায় জানান, হরিয়ানার কর্নলে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তিনি এমন পরিস্থিতির মুখোমুখি হন, যা তার কাছে অত্যন্ত অস্বস্তিকর ছিল। অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন দর্শকের আচরণে তিনি গভীরভাবে বিরক্ত হন বলে উল্লেখ করেন।
মৌনীর ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানের আগে ছবি তোলার সময় দুইজন প্রৌঢ় ব্যক্তি তার কোমরে হাত রাখার চেষ্টা করেন। বিষয়টি তার কাছে আপত্তিকর মনে হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান এবং ওই ব্যক্তিদের হাত সরিয়ে নিতে বলেন।
ঘটনার এখানেই শেষ হয়নি। মঞ্চে অনুষ্ঠান চলাকালীনও একই দুই ব্যক্তি সামনের সারিতে দাঁড়িয়ে অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করতে থাকেন বলে অভিযোগ করেন অভিনেত্রী। মৌনী ভদ্রভাবে তাদের আচরণ বন্ধ করার অনুরোধ জানালে তারা উল্টো মঞ্চের দিকে গোলাপফুল ছুড়তে শুরু করেন।
এই পরিস্থিতিতে তিনি অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছে গেলেও শেষ পর্যন্ত পেশাদারিত্ব বজায় রেখে অনুষ্ঠানটি সম্পন্ন করেন। তবে পুরো ঘটনার সময় আয়োজক বা নিরাপত্তা কর্মীদের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ না হওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেন।
মৌনী রায় বলেন, একজন প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে তাকেও যদি এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়, তাহলে নতুন শিল্পীদের অবস্থা কতটা ভয়াবহ হতে পারে, তা সহজেই অনুমান করা যায়। তিনি জানান, এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর কথা বলেছেন। শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি এ ধরনের আচরণকে লজ্জাজনক বলে আখ্যা দেন।









