ধর্ষণের অভিযোগের বিষয়ে মুখ খুললেন সেই অভিনেতা আশিস কাপুর


ছবি : সংগৃহীত
ভারতের জনপ্রিয় হিন্দি টেলিভিশন সিরিয়ালের অভিনেতা আশিস কাপুরকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছিল পুনে পুলিশ। পরবর্তীতে জামিন পাওয়ার পর অবশেষে নীরবতা ভাঙলেন এই অভিনেতা। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আশিস নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
জামিনের পর প্রথম প্রতিক্রিয়ায় আশিস কাপুর লিখেছেন, “সাম্প্রতিক ঘটনাকে ঘিরে বলতে চাই, আমি আপাতত স্বস্তিতে আছি। আমি কৃতজ্ঞ, কারণ এই কঠিন অভিজ্ঞতা আমাকে দেশের গণতন্ত্র ও সংবিধানের প্রতি আরও দৃঢ় আস্থা দিয়েছে। বিচারব্যবস্থার ওপর সব সময়ই বিশ্বাস ছিল, আর এই ঘটনার পর সেটি আরও গভীর হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, “আমি বিশ্বাস করি সত্যেরই জয় হয়। আসল ঘটনা একদিন না একদিন সামনে আসবেই। যারা এই সময়ে আমার পাশে ছিলেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। দেশের আইনব্যবস্থাকেও ধন্যবাদ জানাই, যা প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করে।”
এর আগে, গত ৩ সেপ্টেম্বর পুনে পুলিশ আশিস কাপুরকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করে। অভিযোগে বলা হয়, এক নারী তার বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা দায়ের করেছিলেন। এরপর সেই মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হলেও তিনি আদালতের মাধ্যমে জামিন পান।
দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে আশিস কাপুর টেলিভিশনের একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। তার অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে লাভ ম্যারেজ, প্রতিজ্ঞা ২, নন্দিনী প্রভৃতি। তবে ‘ইয়ে রিস্তা ক্যা কহেলতা হ্যায়’ ধারাবাহিকে নিখিল চরিত্রে অভিনয় করে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন।









