ছাদ থেকে পড়ে চীনা তারকা ইউ মেংলংয়ের মৃত্যু


চীনা অভিনেতা ও গায়ক ইউ মেংলং মাত্র ৩৭ বছর বয়সে বেইজিংয়ে ভবন থেকে পড়ে মারা গেছেন। তার মৃত্যুতে শোকে স্তব্ধ ভক্তরা। ছবি:সংগৃহীত
চীনের জনপ্রিয় গায়ক, অভিনেতা ও মডেল ইউ মেংলং আর নেই। মাত্র ৩৭ বছর বয়সেই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারালেন তিনি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেইজিংয়ের একটি ভবন থেকে পড়ে মৃত্যুবরণ করেন এই তারকা। ঘটনাটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
ইউ মেংলংয়ের ব্যবস্থাপনা দল এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ তদন্তে কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি। তারা আরও উল্লেখ করে, “অসহনীয় বেদনা নিয়ে জানাচ্ছি, আমাদের প্রিয় মেংলং ভবন থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন। আমরা চাই তিনি শান্তিতে থাকুন এবং তার প্রিয়জনরা শক্ত থাকুন।”
ঘটনার আগে এক পাপারাজ্জি সোশ্যাল মিডিয়ায় মেংলংয়ের মৃত্যুর খবর শেয়ার করলেও পরবর্তীতে সেটি মুছে ফেলেন। জানা যায়, ৯ সেপ্টেম্বর তিনি ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর সঙ্গে এক বন্ধুর বাড়িতে খেতে যান। ১১ সেপ্টেম্বর ভোরে তিনি শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। সকালবেলায় বন্ধুরা তাকে খুঁজতে গিয়ে দেহটি নিচে পড়ে থাকতে দেখেন। প্রথমে এক প্রতিবেশী বিষয়টি লক্ষ্য করে পুলিশকে খবর দেন।
ইউ মেংলং ২০০৭ সালে ‘মাই শো, মাই স্টাইল’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করেন। ২০১১ সালে ‘দ্য লিটল প্রিন্স’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় তার অভিনয়জীবন। এর পর থেকে ‘গো প্রিন্সেস গো’, ‘লাভ গেম ইন ইস্টার্ন ফ্যান্টাসি’, ‘ফিউড’ ও ‘ইটারনাল লাভ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জয় করেন।
গায়ক হিসেবেও তিনি পরিচিত ছিলেন। একাধিক অ্যালবাম ও গান প্রকাশ করে তারকা খ্যাতি অর্জন করেছিলেন। তার অকাল প্রয়াণে চীনের বিনোদন অঙ্গন এক প্রতিভাবান শিল্পীকে হারাল। ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।










