চার বছর পর চমক: নতুন অ্যালবাম ‘আরিরাং’ নিয়ে ফিরছে বিটিএস


নতুন অ্যালবাম ‘আরিরাং’ প্রকাশের আগে গানের তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে কে-পপ সঙ্গীতের জনপ্রিয় বয়ব্যান্ড বিটিএস তাদের নতুন স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’-এর গানের তালিকা প্রকাশ করেছে। দীর্ঘ প্রায় চার বছর পর দলটির পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে। বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক জানিয়েছে, আগামী ২০ মার্চ কোরিয়ান সময় দুপুর ১টায় বিশ্বব্যাপী অ্যালবামটি মুক্তি পাবে।
শুক্রবার ফ্যান প্ল্যাটফর্ম উইভার্সে দেওয়া এক ঘোষণায় বিগহিট মিউজিক জানায়, ‘আরিরাং’ অ্যালবামে মোট ১৪টি গান থাকবে। এর মধ্যে ‘সুইম’ (Swim) গানটি লিড সিঙ্গেল বা প্রধান ট্র্যাক হিসেবে প্রকাশ পাবে। নতুন অ্যালবাম ঘিরে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
অ্যালবামের ট্র্যাকলিস্টে রয়েছে ‘বডি টু বডি’, ‘হুলিগান’, ‘এলিয়েনস’, ‘এফওয়াইএ’, ‘২.০’, ‘নাম্বার ২৯’, ‘সুইম’, ‘মেরি গো রাউন্ড’, ‘নরমাল’, ‘লাইক অ্যানিমেলস’, ‘দে ডোন্ট নো অ্যাবাউট আস’, ‘ওয়ান মোর নাইট’, ‘প্লিজ’ এবং ‘ইনটু দ্য সান’। ভক্তদের মতে, গানের নামগুলোই ইঙ্গিত দিচ্ছে যে এই অ্যালবামে নতুন ধাঁচের সঙ্গীত ও ভাবনা উঠে আসতে পারে।
এই অ্যালবাম তৈরিতে কাজ করেছেন কয়েকজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রযোজক। তাদের মধ্যে রয়েছেন ডিপলো, রায়ান টেডার, কেভিন পার্কার এবং বিটিএসের দীর্ঘদিনের সহযোগী পি-ডগ। সংগীত বিশ্লেষকদের মতে, বিভিন্ন ঘরানার প্রযোজকদের অংশগ্রহণ অ্যালবামটিকে আরও বৈচিত্র্যময় করে তুলতে পারে।
অ্যালবামের ঘোষণা প্রকাশের পর থেকেই বিটিএসের বৈশ্বিক ফ্যানবেস ‘আর্মি’র মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্ত মন্তব্য করেছেন, গানের শিরোনামগুলো বিটিএসের সঙ্গীতে নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে। তাদের মতে, অ্যালবামটির থিমে বিদ্রোহ, পরিপক্কতা এবং সৃজনশীল বিবর্তনের গল্প উঠে আসতে পারে।
২০২২ সালের জুনে প্রকাশিত ‘প্রুফ’-এর পর এটিই বিটিএসের প্রথম সম্মিলিত সংগীত প্রকল্প। দলটির সাত সদস্য—আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জংকুক জানিয়েছেন, নতুন অ্যালবামে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও চিন্তাভাবনার প্রতিফলন থাকবে। অ্যালবাম প্রকাশের পর বিশ্বব্যাপী একটি ওয়ার্ল্ড ট্যুর আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
এদিকে ভক্তদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে অ্যালবাম প্রকাশের একই সপ্তাহে নেটফ্লিক্সে ‘আরিরাং’ অ্যালবামের নেপথ্যের গল্প নিয়ে দুটি বিশেষ এপিসোড প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে।










