একটি কাজ চাই দর্শকের হৃদয়ে বেঁচে থাকার মতো: পরীমনি

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
২০ জানুয়ারী, ২০২৬ এ ৪:৪৩ এএম
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে অভিনয় করছেন পরীমনি। দর্শকের হৃদয়ে বেঁচে থাকার মতো কাজের প্রত্যাশার কথা জানালেন অভিনেত্রী। ছবি সংগৃহীত

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে অভিনয় করছেন পরীমনি। দর্শকের হৃদয়ে বেঁচে থাকার মতো কাজের প্রত্যাশার কথা জানালেন অভিনেত্রী। ছবি সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সাহিত্যনির্ভর একটি নতুন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ভিন্নধারার কাজে যুক্ত হচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য এই সিনেমায় তাঁর সহশিল্পী হিসেবে থাকছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্মাতা লীসা গাজী, অভিনেতা চঞ্চল চৌধুরী, পরীমনি এবং ছবিটির অন্যান্য কলাকুশলীরা।

অনুষ্ঠানে নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের অনুভূতি প্রকাশ করে পরীমনি বলেন, “অনেক দিন ধরেই মনে লালন করে রেখেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো চরিত্রে অভিনয় করার ইচ্ছা। ‘শাস্তি’র মতো একটি গল্পে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য ভীষণ আনন্দের।”

তিনি আরও বলেন, “চন্দরা চরিত্রটি আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। এই চরিত্রে কাজ করার জন্য আমি সত্যিই মুখিয়ে ছিলাম। চেষ্টা থাকবে, চরিত্রটির প্রতি পূর্ণ ন্যায়বিচার করতে।”

নিজের ক্যারিয়ারের বর্তমান অবস্থান নিয়ে খোলামেলা মন্তব্য করে পরীমনি জানান, ইদানীং তিনি প্রথাগত বাণিজ্যিক সিনেমার গণ্ডি পেরিয়ে চরিত্রনির্ভর কাজে বেশি মনোযোগী হচ্ছেন।

তার ভাষায়, “শুধু গ্ল্যামার বা নাচের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাই না। দিন শেষে দর্শকের হৃদয়ে বেঁচে থাকার মতো একটি কাজ চাই, একটি শক্ত চরিত্র চাই। আমার বিশ্বাস, ‘শাস্তি’র চন্দরা চরিত্রটি আমাকে সেই তৃপ্তি দেবে।”

সহশিল্পীদের প্রসঙ্গে তিনি বলেন, কাজের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা থাকলেও বর্তমানে তিনি শুধুমাত্র ভালো গল্প ও মানসম্মত কাজের দিকেই মনোযোগী।

নির্মাতা সূত্রে জানা গেছে, রবীন্দ্রনাথের সাহিত্যকে আধুনিক চলচ্চিত্র ভাষায় তুলে ধরতেই এই সিনেমাটি নির্মাণ করা হচ্ছে, যা দর্শকের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।