ঈদে আরটিভিতে মোশাররফ–তাসনিয়ার নতুন নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ’


ঈদের বিশেষ নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ’-এ অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানহা তাসনিয়া। ছবি সংগৃহীত
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দর্শকদের জন্য নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী তানহা তাসনিয়া। ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ’ শিরোনামের এই বিশেষ নাটকটি নির্মিত হয়েছে শামীম সিকদারের রচনায় এবং সোহেল হাসানের পরিচালনায়। ঈদের তৃতীয় দিন রাত ৯টা ৩০ মিনিটে আরটিভিতে প্রচার হবে নাটকটি।
নাটকের কেন্দ্রীয় চরিত্র আবুল বাসার, যিনি দীর্ঘদিন প্রবাসে কাটানোর কারণে সময়মতো বিয়ে করতে পারেননি। দেশে ফিরে তিনি হঠাৎ করেই সরল ও সুন্দরী এক তরুণী সাবিনাকে বিয়ে করেন। বয়সের ব্যবধান থাকলেও স্ত্রীকে ভীষণ ভালোবাসেন তিনি। এই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং তার বিপরীতে সাবিনা চরিত্রে দেখা যাবে তানহা তাসনিয়াকে।
তবে আবুল বাসারের এই ভালোবাসা একসময় অতিরিক্ত রক্ষণশীলতায় রূপ নেয়। তিনি স্ত্রীকে চোখের আড়াল করতে চান না এবং সবসময় তার খোঁজখবর রাখেন। এমনকি বাড়ির আশপাশে কোনো অবিবাহিত মানুষ যেন না আসে, সেজন্য বাড়ির গেটেও ঝুলিয়ে দেন ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ’ লেখা একটি সাইনবোর্ড।
গল্পে নাটকীয় মোড় আসে যখন হঠাৎ করেই সাবিনা নিখোঁজ হয়ে যায়। পরে জানা যায়, তার সাবেক প্রেমিক রনি পুরোনো ছবি ও ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করছে। বিষয়টি জানতে পেরে আবুল বাসার স্ত্রীকে উদ্ধার করতে এগিয়ে আসেন এবং অতীতের ঘটনাকে গুরুত্ব না দিয়ে তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
নাটকটির গল্পে হাস্যরসের পাশাপাশি ভালোবাসা, সন্দেহ, আবেগ এবং দাম্পত্য সম্পর্কের নানা দিক তুলে ধরা হয়েছে। নির্মাতাদের আশা, ঈদের বিশেষ এই নাটকটি দর্শকদের জন্য বিনোদন ও বার্তায় ভরপুর একটি উপভোগ্য আয়োজন হবে।
ঈদের তৃতীয় দিন রাত ৯টা ৩০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ’ নাটকটি, যা নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।










