ইসলাম গ্রহণ করলেন বিশ্বখ্যাত ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
৯ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৪:৫৪ এএম
ইসলাম গ্রহণের পর নতুন পরিচয়ে জনপ্রিয় ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি, যিনি এখন ‘আখিল’ নামে পরিচিত। ছবি: সংগৃহীত

ইসলাম গ্রহণের পর নতুন পরিচয়ে জনপ্রিয় ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি, যিনি এখন ‘আখিল’ নামে পরিচিত। ছবি: সংগৃহীত

জনপ্রিয় ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ‘স্প্রিন্টার’ খ্যাত এই শিল্পী, যার আসল নাম ওকলি নীল সিজার-সু, ইসলাম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ‘আখিল’। তার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সংগীত অঙ্গনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আন্তর্জাতিক ইসলামিক তথ্যভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্মের প্রতিবেদনে জানা গেছে, ২৭ বছর বয়সী এই র‍্যাপার একটি লাইভস্ট্রিম অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের ঘোষণা দেন। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর প্ল্যাকবয়ম্যাক্স (PlaqueBoyMax)-এর সঙ্গে লাইভ আলোচনার সময় তিনি নিজের নতুন ধর্মীয় পরিচয় তুলে ধরেন।

লাইভস্ট্রিমে সেন্ট্রাল সি জানান, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে ‘আখিল’ নামেই পরিচিত হতে চান। তবে এর আগে ধর্মীয় বিশ্বাস বা আধ্যাত্মিক জীবন নিয়ে তাকে প্রকাশ্যে খুব বেশি কথা বলতে দেখা যায়নি, যা এই ঘোষণাকে তার ভক্তদের কাছে আরও বিস্ময়কর করে তোলে।

সংগীতজগতে সেন্ট্রাল সি একটি ব্যতিক্রমী অবস্থান তৈরি করেছেন। প্রথম ব্রিটিশ র‍্যাপার হিসেবে এককভাবে কোনো প্ল্যাটফর্মে এক বিলিয়ন স্ট্রিম অর্জনের রেকর্ড তার ঝুলিতে রয়েছে। পাশাপাশি ড্রেক ও জে. কোলের মতো বিশ্বখ্যাত শিল্পীদের সঙ্গে কাজ করে তিনি আন্তর্জাতিক সংগীত অঙ্গনে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছেন।

ইসলাম গ্রহণের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-শ্রোতাদের প্রতিক্রিয়া চোখে পড়ার মতো। অনেকেই তাকে শুভকামনা জানিয়েছেন এবং তার নতুন জীবনের জন্য দোয়া ও সমর্থন প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ২০১৪ সালে সংগীতজগতে যাত্রা শুরু করেন এই ব্রিটিশ র‍্যাপার। তবে ২০২১ সালের পর থেকেই ‘সেন্ট্রাল সি’ নামটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেতে শুরু করে। সাম্প্রতিক এই সিদ্ধান্ত তার ব্যক্তিগত জীবনের এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।