ইকরার মৃত্যুর ঘটনায় আলভী ও তিথির বিরুদ্ধে মামলা দায়ের


স্ত্রী আফরা ইবনাত খান ইকরার সঙ্গে জাহের আলভী। ছবি সংগৃহীত
আফরা ইবনাত খান ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী অভিনেতা জাহের আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথি-সহ কয়েকজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১ মার্চ) রাজধানীর পল্লবী থানা-য় মামলাটি নথিভুক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর তা নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। মামলায় জাহের আলভী ও তার মায়ের নাম উল্লেখ রয়েছে। এছাড়া পরিবারের আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। বর্তমানে আসামিরা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ওসি এ কে এম আলমগীর জাহান বলেন, “আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। ঘটনার বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে।” তিনি আরও জানান, তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা যাচ্ছে না।
দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে স্বামীর পরকীয়া ও নির্যাতনের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। ব্যক্তিগত কিছু চ্যাট প্রকাশের পর বিষয়টি দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। তবে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী ও ইকরা। তাদের সংসারে এক পুত্রসন্তান রয়েছে। ঘটনার পেছনে পারিবারিক অশান্তি, মানসিক চাপ বা অন্য কোনো কারণ ছিল কিনা, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য আলামত বিশ্লেষণ শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।










