অরিজিতের পর প্লেব্যাক ছাড়ার ইঙ্গিত শ্রেয়া ঘোষালের


প্লেব্যাক থেকে অবসর ভাবনায় শ্রেয়া ঘোষাল, ভক্তদের মধ্যে আলোচনা। ছবি সংগৃহীত
জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর এবার একই পথে হাঁটার ইঙ্গিত দিলেন আরেক খ্যাতিমান শিল্পী শ্রেয়া ঘোষাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্লেব্যাক থেকে অবসর নেওয়ার বিষয়টি তিনি গুরুত্বসহকারে ভাবছেন। বিষয়টি সামনে আসতেই ভক্তদের মধ্যে উদ্বেগ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কাজের চাপ ও সংগীত জগতের পরিবর্তনের কারণে কিছুটা ক্লান্ত বোধ করছেন শ্রেয়া। তিনি জানান, ভবিষ্যতে গান থেকে সাময়িক বিরতি নেওয়ার কথাও তার ভাবনায় রয়েছে।
সাক্ষাৎকারে শ্রেয়া ঘোষাল বলেন, বর্তমান সংগীত অঙ্গনের কিছু পরিবর্তন তাকে সন্তুষ্ট করছে না। বিশেষ করে লাইভ পারফরম্যান্সে ‘লিপ-সিঙ্ক’ বা যান্ত্রিক উপায়ে গান পরিবেশনের প্রবণতা তিনি একেবারেই মেনে নিতে পারেন না। তার মতে, এ ধরনের চর্চা সংগীতের স্বাভাবিক সৌন্দর্যকে নষ্ট করছে।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যেদিন আমাকে মঞ্চে দাঁড়িয়ে লিপ-সিঙ্ক করে গান গাইতে হবে, সেদিনই আমি গান ছেড়ে দেব।” এই মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে, শিল্পী হিসেবে নিজের মানদণ্ডে কোনো ছাড় দিতে নারাজ তিনি।
অরিজিৎ সিংয়ের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে শ্রেয়া বলেন, তারও মাঝে মাঝে বিরতি নেওয়ার ইচ্ছে হয়। এর আগে অরিজিৎ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে নতুন কাজ না নেওয়ার ঘোষণা দেন, যা সংগীত জগতে ব্যাপক আলোড়ন তোলে।
সংগীত বিশ্লেষকদের মতে, যদি শ্রেয়া ঘোষালও একই সিদ্ধান্ত নেন, তবে তা বলিউড সংগীত অঙ্গনের জন্য বড় ধাক্কা হতে পারে। কারণ, দীর্ঘদিন ধরে তিনি অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
বর্তমানে শ্রেয়া ঘোষাল আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি। তবে তার বক্তব্যে ভবিষ্যতে বড় কোনো সিদ্ধান্তের ইঙ্গিত স্পষ্ট। ভক্তরা এখন অপেক্ষায় আছেন, তিনি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন।










