Something went wrong

ডাকসু নির্বাচনে চূড়ান্ত ফল ঘোষণা: সাদিক ভিপি, ফরহাদ জিএস নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর, ২০২৫ এ ৩:০৯ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বিজয়ী প্রার্থীরা। ছবি:সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বিজয়ী প্রার্থীরা। ছবি:সংগৃহীত

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হলো ঢাকার কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। আনুষ্ঠানিকভাবে ঘোষিত ফলাফলে ভিপি পদে বিজয়ী হয়েছেন শিবির-সমর্থিত প্রার্থী সাদিক কায়েম এবং জিএস পদে নির্বাচিত হয়েছেন এসএম ফরহাদ।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে। বিশ্ববিদ্যালয়ের মোট ১৮টি হল থেকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদ পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ২ হাজার ৫৪৯ ভোট, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ৬৬৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ১,৮১৫ ভোট।

জিএস পদে এসএম ফরহাদ সর্বাধিক ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী শেখ তানভীর বারী হামিম পান ৫,২৮৩ ভোট, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আবু বাকের মজুমদার পান ৮৪৫ ভোট এবং প্রতিরোধ পর্ষদের প্যানেলভুক্ত মেঘমল্লার বসু পান ৪,৬৪৫ ভোট।

এজিএস পদে মহিউদ্দীন খান ৯,৫০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৪,২৫৮ ভোট।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৫ জন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে পাঁচজন, জিএস পদে একজন এবং এজিএস পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ছিলেন ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ছিলেন ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশেরও বেশি ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, যা দীর্ঘ প্রতীক্ষিত ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন।

Advertisement
Advertisement