এনটিআরসিএ ৭ম বিশেষ নিয়োগ সুপারিশের ফল প্রকাশ


এনটিআরসিএর ৭ম বিশেষ নিয়োগ সুপারিশের ফল প্রকাশ। ছবি:সংগৃহীত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সপ্তম বিশেষ নিয়োগ সুপারিশের ফলাফল প্রকাশ করেছে। বুধবার (২৮ জানুয়ারি) প্রকাশিত এই ফলাফলে এমপিওভুক্ত শূন্য পদে প্রাথমিকভাবে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে।
এনটিআরসিএর পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধাক্রম ও প্রার্থীদের পছন্দক্রম অনুসরণ করে শূন্য পদে এই নিয়োগ সুপারিশ করা হয়েছে।
সংস্থাটি জানায়, গত ৪ জানুয়ারি প্রকাশিত সপ্তম বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রতিষ্ঠানভিত্তিক চাহিদা ও মেধার ভিত্তিতে প্রথম প্রবেশ পর্যায়ে (এন্ট্রি লেভেল) শিক্ষক নিয়োগের জন্য এ সুপারিশ করা হয়েছে।
প্রকাশিত ফলাফলে নির্বাচিত প্রার্থীরা এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইট এবং টেলিটকের বিশেষ সেবা বক্সের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবেন। এ জন্য প্রার্থীদের নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শুধু প্রার্থীরাই নয়—সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরাও তাদের প্রতিষ্ঠানের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তথ্য দেখতে পারবেন। এ ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের নির্ধারিত লিংকে নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশ করতে হবে।
এনটিআরসিএ জানিয়েছে, নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পরবর্তী করণীয় ও যোগদান সংক্রান্ত নির্দেশনা যথাসময়ে জানানো হবে। এ ফল প্রকাশের মাধ্যমে দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ অনেক প্রার্থীর নিয়োগ প্রক্রিয়ায় অগ্রগতি এল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।










