আজকের স্বর্ণের দাম ২৮ জানুয়ারি ২০২৬


দেশের বাজারে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু হয়েছে, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ছাড়িয়েছে ২ লাখ ৬২ হাজার টাকা। ছবি:সংগৃহীত
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) থেকে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে নতুন এই দর কার্যকর করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সোমবার (২৬ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে এক দফায় ৫ হাজার ২৪৯ টাকা বাড়ানো হয়েছে। বাজার পরিস্থিতি ও আন্তর্জাতিক প্রবণতা বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সংগঠনটি।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকায়, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম। একই সঙ্গে ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিতে ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিতে ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা।
বাজুস জানায়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।
চলতি ২০২৬ সালে এ নিয়ে দেশের বাজারে মোট ১৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ১১ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩ বার কমানো হয়েছে। এর আগে ২০২৫ সালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল মোট ৯৩ বার। ওই বছরে ৬৪ বার দাম বেড়েছে, আর ২৯ বার কমেছে।
স্বর্ণের দাম বারবার সমন্বয়ের ফলে ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে অনিশ্চয়তা। আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয় বাজারের চাহিদা-জোগানের ওপর নির্ভর করেই আগামী দিনে স্বর্ণের দামে আরও পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।










