Something went wrong

স্বামী-স্ত্রী মিলে যাত্রী সেজে সিগারেট খাইয়ে ইজিবাইক ছিনতাই

দিনাজপুর (জেলা) প্রতিনিধি
দিনাজপুর (জেলা) প্রতিনিধি
৩ সেপ্টেম্বর, ২০২৫ এ ৯:৫৭ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে অভিনব কৌশলে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যাত্রী সেজে এক দম্পতি ইজিবাইক ভাড়া নেন এবং পরে চালককে চেতনানাশক মিশ্রিত সিগারেট খাইয়ে অজ্ঞান করে ইজিবাইক ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে।

গত ২৭ আগস্ট সকালে ইজিবাইকচালক আপেল উদ্দিন ভাড়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন। এসময় স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন যাত্রী তার ইজিবাইক ভাড়া নেন স্বপ্নপুরি পার্ক ঘুরে দেখার জন্য। ফেরার পথে তারা চালকের সঙ্গে ঘনিষ্ঠ আলাপ শুরু করে এবং একপর্যায়ে চেতনানাশক মিশ্রিত সিগারেট খাওয়ান। সিগারেট খাওয়ার পরপরই চালক অচেতন হয়ে পড়লে তাকে উপজেলার ফুটানি বাজার ঈদগাহ মাঠসংলগ্ন একটি কাঁচা রাস্তায় ফেলে রেখে ইজিবাইক ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নেয় তারা। ইজিবাইকটির আনুমানিক মূল্য প্রায় দুই লাখ ৮০ হাজার টাকা বলে জানা গেছে।

ঘটনার পর ইজিবাইকের মালিক বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে বগুড়া জেলার ধুনট উপজেলার বহালগাছা এলাকায় অভিযান চালিয়ে শফিউল ইসলাম নামে এক আসামিকে গ্রেপ্তার করে। তিনি সিংড়া ইউনিয়নের মগলিসপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে।

পরে গ্রেপ্তার শফিউলের দেওয়া তথ্যে ধুনট উপজেলার তার শ্বশুরবাড়ি থেকে ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, গ্রেপ্তার শফিউল ইসলামকে বুধবার দিনাজপুর আদালতে পাঠানো হবে। মামলার অন্যান্য আসামিদের ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে।
 

Advertisement
Advertisement