Something went wrong

প্রবাসী বন্ধুর পার্টিতে গিয়ে ফেনীতে ছাত্রলীগ সন্দেহে ৩৯ কিশোর আটক

চট্টগ্রাম ( জেলা ) প্রতিনিধি
চট্টগ্রাম ( জেলা ) প্রতিনিধি
১১ সেপ্টেম্বর, ২০২৫ এ ৩:৪১ এএম
ফেনীর ফুলগাজীতে প্রবাসী বন্ধুর পার্টিতে ছাত্রলীগ সন্দেহে আটক হওয়া কিশোররা । ছবি:সংগৃহীত

ফেনীর ফুলগাজীতে প্রবাসী বন্ধুর পার্টিতে ছাত্রলীগ সন্দেহে আটক হওয়া কিশোররা । ছবি:সংগৃহীত

ফেনীর ফুলগাজীতে বন্ধুর প্রবাস যাত্রা উপলক্ষে আয়োজিত পার্টিতে যোগ দিতে গিয়ে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ৩৯ কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতভর জেরা ও যাচাই-বাছাই শেষে ভোরে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আনন্দপুর এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী শাহজালালের ছেলে সাইমুন শাহ পাটোয়ারী আগামী ১৩ সেপ্টেম্বর পুনরায় সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বিদায়ের আগে তিনি বন্ধুদের নিয়ে মুন্সীরহাটের উত্তর আনন্দপুর ইব্রাহিম কনভেনশন হলে আড্ডা ও খাবারের আয়োজন করেন। অনুষ্ঠান চলাকালীন ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপের নেতৃত্বে কয়েকজন উপস্থিত কিশোরকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সন্দেহে আটক করে পুলিশকে খবর দেন।

ওই সময় ফেনী সদর, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১২ থেকে ২২ বছর বয়সী ৩৯ জন কিশোর সেখানে উপস্থিত ছিলেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। দীর্ঘ যাচাই শেষে ভোরের দিকে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মর্ম সিংহ ত্রিপুরা, ফুলগাজী থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতারা। এ ঘটনায় স্থানীয় পরিবারগুলো অভিযোগ করেন, কিশোরদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকলেও তাদের অন্যায়ভাবে ছাত্রলীগ সন্দেহে আটক করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান, “বন্ধুর প্রবাস গমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমার ছেলে যোগ দিয়েছিল। হঠাৎ আটকের খবর শুনে ঘটনাস্থলে এসে অবাক হয়েছি। তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। তবুও অন্যায়ভাবে হয়রানি করা হয়েছে।”

অভিযোগ প্রসঙ্গে বিএনপি নেতা গোলাম রসুল মজুমদার গোলাপ বলেন, “ওই কিশোরদের মধ্যে একজন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। আমি ঘটনাস্থলে গিয়ে প্রশাসনকে জানাই। তবে আটকের সঙ্গে আমার কোনো অন্যায় সম্পৃক্ততা নেই।” পুলিশ জানিয়েছে, আটক কিশোরদের কারো নামে থানায় অভিযোগ নেই। যাচাই-বাছাই শেষে অভিভাবকের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement