Something went wrong

ডিবি কার্যালয়ে নেওয়া হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
২৮ আগস্ট, ২০২৫ এ ৯:০৪ এএম
ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে।  ছবি : সংগৃহীত

ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে। ছবি : সংগৃহীত

ঢাকা: মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হলে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে পুলিশ হেফাজতে নেয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ আরও কয়েকজনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কিনা তা জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। হঠাৎ করেই সেখানে উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে এবং নিরাপত্তার স্বার্থে লতিফ সিদ্দিকীকে সেখান থেকে সরিয়ে নেয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, “মবের শিকার হওয়ার আশঙ্কা থাকায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও তার সঙ্গে থাকা কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”

উল্লেখ্য, সকাল ১১টায় ডিআরইউ মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করে ‘মঞ্চ ৭১’। অনুষ্ঠানে গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। এ সময় লতিফ সিদ্দিকীকে ঘিরে একদল বিক্ষুব্ধ লোক বিভিন্ন স্লোগান দিতে শুরু করে, যা মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।
 

Advertisement
Advertisement