সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় নিহত র‍্যাব কর্মকর্তাকে কুমিল্লায় দাফন

কুমিল্লা (জেলা) প্রতিনিধি
কুমিল্লা (জেলা) প্রতিনিধি
২১ জানুয়ারী, ২০২৬ এ ১০:৫৫ এএম
কুমিল্লায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের আগে জানাজায় র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূইয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। ছবি সংগৃহীত

কুমিল্লায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের আগে জানাজায় র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূইয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। ছবি সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূইয়াকে কুমিল্লায় তার গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

এর আগে অলিপুর ভূইয়া পাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে র‍্যাব-১১ এর পক্ষ থেকে নিহত কর্মকর্তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল মোজাহিদ হোসেন, কর্নেল নাজমুল হাসান, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, র‍্যাব-১১ (নারায়ণগঞ্জ) সিইও লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, র‍্যাব-১১ কুমিল্লা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলমসহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা।

চট্টগ্রামে প্রথম জানাজা শেষে নিহতের স্ত্রী, সন্তান ও স্বজনরা মরদেহ গ্রহণ করে রাতে কুমিল্লার গ্রামের বাড়িতে নিয়ে আসেন। মোতালেব হোসেন কুমিল্লার সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের অলিপুর গ্রামের মৃত আবদুল খালেক ভূইয়ার ছেলে। আট ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

নিহত মোতালেব হোসেন এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক। তার বড় ছেলে সাকিব অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত, মেয়ে শামীমা জান্নাত এসএসসি পরীক্ষার্থী এবং ছোট মেয়ে মুনতাহা আক্তার পঞ্চম শ্রেণিতে পড়ে। তিনি ১৯৯৩ সালে বিজিবিতে যোগদান করেন এবং প্রায় দুই বছর আগে র‍্যাবে যোগ দেন। রাজধানীর পিলখানা এলাকায় তার পারিবারিক বাসা ছিল।

সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে মোবাইল ফোনে মৃত্যুসংবাদ গ্রামে পৌঁছালে পরিবারে নেমে আসে শোকের ছায়া। মরদেহ পৌঁছানোর আগেই স্বজন ও প্রতিবেশীরা একনজর দেখার জন্য বাড়িতে ভিড় করেন। কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

নিহতের বড় ভাই জাকির হোসেন ভূইয়া বলেন, “গত শুক্রবার ভাই বাড়িতে এসেছিল। চট্টগ্রামে ফেরার সময় তার বড় মেয়ে বারবার বলছিল—আব্বু আজ যেও না। কিন্তু সরকারি দায়িত্বের কথা বলে সে চলে যায়।” তিনি বলেন, মেয়েটি কান্না চেপেই বাবাকে বিদায় দিয়েছিল।

আরেক ভাই আমির হোসেন সর্দার বলেন, “মোতালেব পরিবারে সবার আদরের ছিল। ছোটবেলা থেকেই সাহসী ও মেধাবী ছিল। সে জীবন দিয়ে প্রমাণ করে গেল দেশপ্রেম কী।” তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে বলেও তিনি জানান।

র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, “দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হাতে মোতালেবের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। দেশের জন্য তার এই আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। র‍্যাব সবসময় তার পরিবারের পাশে থাকবে।”

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাব সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে মোতালেব হোসেন ভূইয়া নিহত হন এবং র‍্যাবের আরও তিন সদস্য আহত হন।