Something went wrong

জাতীয় নির্বাচনের আগে ইসির সম্পূরক ভোটার তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ আগস্ট, ২০২৫ এ ৭:০১ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সর্বশেষ খসড়া অনুযায়ী, নতুন করে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার যুক্ত হয়েছে এবং মৃত বা অযোগ্য হিসেবে চিহ্নিত হওয়ায় বাদ পড়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন ভোটারের নাম।

রবিবার (১০ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ রাজধানীতে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন। তিনি জানান, খসড়া তালিকার ওপর দাবি ও আপত্তি জমা দেওয়ার শেষ তারিখ ২১ আগস্ট। এসব আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট। সিনিয়র সচিব বলেন, এ বছরের ২ মার্চ প্রকাশিত তালিকায় ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার অন্তর্ভুক্ত ও মৃত বা অযোগ্যদের নাম কর্তনের মাধ্যমে হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। হালনাগাদ প্রক্রিয়ায় ৪৫ লাখের বেশি নতুন ভোটার যোগ হয়েছে এবং ২১ লাখের বেশি নাম বাদ গেছে।

তিনি আরও জানান, নতুন আইন অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। এতে নবীন ভোটারদের এক বছর অপেক্ষা না করিয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয়েছে।

সচিবের ভাষ্যমতে, চলতি বছরে ইসি তিন দফায় ভোটার তালিকা প্রকাশ করবে। প্রথম তালিকা প্রকাশিত হয় ২ মার্চ, দ্বিতীয় তালিকা ৩১ আগস্ট এবং তৃতীয় তালিকা প্রকাশিত হবে ৩১ অক্টোবর।

রবিবার খসড়া তালিকা প্রকাশের পর সারাদেশের নির্বাচন কর্মকর্তারা তা নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দেন। ভোটাররা যদি কোনো ত্রুটি-বিচ্যুতি দেখতে পান, তবে ২১ আগস্ট পর্যন্ত সংশোধন, নতুন নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত নাম অপসারণ কিংবা স্থানান্তরের জন্য আবেদন করতে পারবেন। আবেদন নিষ্পত্তি হবে ২৪ আগস্টের মধ্যে এবং সব কাজ শেষে চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশিত হবে ৩১ আগস্ট।

Advertisement
Advertisement