Something went wrong

ঈশ্বরদীতে রাশিয়ান নাগরিকের মৃত্যু

পাবনা (জেলা) প্রতিনিধি
পাবনা (জেলা) প্রতিনিধি
২১ সেপ্টেম্বর, ২০২৫ এ ৮:৫৬ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতের দিকে শহরের জিগাতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম কারপোভ ক্রিল (২৬)। তিনি রূপপুর বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ইএসকেএম কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ সময় ফ্ল্যাটে কোনো সাড়া-শব্দ না পাওয়ায় কোম্পানির সিকিউরিটি অফিসার দোভাষী আনোয়ারুল ইসলাম এবং পাশের ফ্ল্যাটে থাকা আরেক রাশিয়ান নাগরিক ফ্ল্যাটে প্রবেশ করেন। এ সময় ক্রিলকে বিছানার ওপর উপুড় অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পরবর্তীতে উপস্থিত রাশিয়ান চিকিৎসক মিখাইল তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কারপোভ ক্রিল জিগাতলা এলাকার চিকিৎসক আনোয়ার হোসেনের বাড়ির পঞ্চম তলায় একা থাকতেন। তাঁর পরিবার রাশিয়া থেকে মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো সাড়া পাননি। পরে তারা বিষয়টি কোম্পানির সিকিউরিটি অফিসারকে জানান।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্রিল স্ট্রোকের কারণে মারা গেছেন। কয়েক দিন আগে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদনের পর জানা যাবে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা যায়নি। ফ্ল্যাটের দরজা ভেঙে প্রবেশ করায় পুলিশ এবং নিরাপত্তা কর্মকর্তা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

Advertisement
Advertisement