পাকিস্তানের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড


সুপার এইটের নাটকীয় সমীকরণে বিদায় পাকিস্তান, সেমিফাইনালে নিউজিল্যান্ড। ছবিঃ সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শেষে পাকিস্তান বিদায় নিয়েছে, আর হেরে গিয়েও সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। শুক্রবার কলম্বোয় ইংল্যান্ডের কাছে পরাজয়ের পর কিউইদের ভাগ্য নির্ভর করছিল পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ওপর। শনিবার পাল্লেকেল্লে স্টেডিয়ামে সমীকরণ মিলাতে না পারায় পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা শেষ হয় এবং নিউজিল্যান্ড নিশ্চিত করে শেষ চার।
সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ড আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৯ রান তোলে। জবাবে ইংল্যান্ড ৩ বল হাতে রেখে ৪ উইকেটে জয় পায়। যদিও এই ম্যাচের আগেই ইংল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করেছিল, তবু টানা তিন জয়ে তারা পয়েন্ট তালিকায় শক্ত অবস্থান ধরে রাখে। পরাজয়ের পর নেট রান রেটের হিসাবেই টিকে থাকার আশা করছিল নিউজিল্যান্ড।
অন্যদিকে, শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান আগে ব্যাট করে ৮ উইকেটে ২১২ রান সংগ্রহ করে। শাহিবজাদা ফারহান করেন ১০০ রান এবং ফখর জামান যোগ করেন ৮৪ রান। ফারহান এই আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে বিশ্বকাপের এক আসরে দুটি শতকের বিরল কৃতিত্ব গড়েন।
তবে ম্যাচের পর আইসিসির নির্ধারিত সমীকরণ অনুযায়ী, সেমিফাইনালে উঠতে হলে পাকিস্তানকে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের মধ্যে আটকে রাখতে হতো। অর্থাৎ শুধু জয় নয়, বড় ব্যবধানের জয় ছিল অপরিহার্য।
শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা ৩১ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে লড়াইয়ে রাখেন। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ৫ রানে হেরে গেলেও পাকিস্তান প্রয়োজনীয় ব্যবধান অর্জন করতে পারেনি। ফলে নেট রান রেটে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা।
সুপার এইট পর্বের শেষ দিনে এমন নাটকীয় সমীকরণে নির্ধারিত হলো সেমিফাইনালের চূড়ান্ত চিত্র। পাকিস্তানের জয়ও শেষ পর্যন্ত কাজে আসেনি, আর হারের পরও নিউজিল্যান্ড জায়গা করে নিল শেষ চারে।










