নেইমারের জোড়া আঘাতে সান্তোসের স্বস্তিদায়ক জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১০:২৪ এএম
নেইমার জুনিয়র। ছবিঃ সংগৃহীত

নেইমার জুনিয়র। ছবিঃ সংগৃহীত

ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র ২০২৬ সালে প্রথমবারের মতো গোলের দেখা পেলেন, তাও এক ম্যাচেই জোড়া গোল করে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভিলা বেলমিরো স্টেডিয়ামে ব্রাসিলেইরো সিরি আ-এর চতুর্থ রাউন্ডে ভাস্কো দা গামাকে ২–১ ব্যবধানে হারিয়ে সান্তোস মৌসুমের প্রথম জয় তুলে নেয়। চোট কাটিয়ে ফেরা নেইমারের কার্যকর পারফরম্যান্সই দলকে স্বস্তি এনে দেয়।

এই ম্যাচে হেরে গেলে কোচ হুয়ান পাবলো ভোজভোদা চাকরি হারানোর শঙ্কায় পড়তে পারতেন বলে স্থানীয় গণমাধ্যমে আলোচনা ছিল। ফলে জয়টি শুধু পয়েন্টের জন্যই নয়, কোচিং স্টাফের জন্যও ছিল গুরুত্বপূর্ণ। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সান্তোস এখন লিগ টেবিলের ১৩ নম্বরে।

শুরু থেকেই আক্রমণাত্মক খেলেন নেইমার। ম্যাচের ২৫ মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। গোলের পর সমালোচকদের উদ্দেশে চুপ থাকার ইঙ্গিত দেন। পরে কর্নার ফ্ল্যাগের কাছে জাতীয় দলের সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের ভঙ্গিতে নাচের মাধ্যমে উদযাপন করেন। তবে প্রথমার্ধের শেষদিকে কাউন বারোসের গোলে সমতা ফেরায় ভাস্কো। ১–১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে আবারও জ্বলে ওঠেন নেইমার। নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন এবং সেটিই হয়ে ওঠে জয়সূচক গোল। দীর্ঘ পুনর্বাসন শেষে এটি ছিল তার তৃতীয় ম্যাচ এবং দ্বিতীয়বার পুরো ৯০ মিনিট খেলা। বছরের শুরুতে হাঁটুর অস্ত্রোপচারের পর প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন তিনি।

ম্যাচ শেষে স্পোরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, গত সপ্তাহেও তাকে বিশ্বের সবচেয়ে খারাপ খেলোয়াড় বলা হয়েছিল, কিন্তু ফুটবলে পরিস্থিতি দ্রুত বদলায়। তিনি জানান, পূর্ণ ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন এবং শেষদিকে পায়ে টান ধরা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।

ভিনিসিয়ুস জুনিয়রের আদলে উদযাপন প্রসঙ্গে নেইমার বলেন, বর্ণবাদবিরোধী অবস্থানে সতীর্থের পাশে থাকার বার্তা দিতেই এমন উদযাপন করেছেন। এই জয়ের মাধ্যমে সান্তোস নতুন আত্মবিশ্বাস পেয়েছে এবং পরবর্তী ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখাই এখন তাদের লক্ষ্য।