ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে ম্যাচ সেরা হয়ে যা বললেন মাহমুদউল্লাহ রিয়াদ


ম্যাচ শেষে জয়ী রংপুর রাইডার্সের হয়ে ম্যাচ সেরা নির্বাচিত মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: সংগৃহীত
রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। তবে ম্যাচটি তাদের জন্য মোটেই সহজ ছিল না। ইনিংসের শুরুতেই দল বিপদে পড়ে; প্রথম ছয় ওভারে মাত্র ৩১ রান সংগ্রহ করতে গিয়ে সাজঘরে ফিরে যান রংপুরের তিনজন ব্যাটার।
এই চাপের মুহূর্তে দলের দায়িত্ব কাঁধে তুলে নেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। ৪১ বলে ৫১ রান করে দলকে জয়ের পথে রাখেন তিনি। এই পারফরম্যান্সের জন্য টানা দ্বিতীয় ম্যাচেও ম্যাচসেরার পুরস্কার জিতে নেন মাহমুদউল্লাহ।
ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ! প্রথমত সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ আমাকে এমন ইনিংস খেলার শক্তি দেওয়ার জন্য। তবে দিন শেষে মনে হচ্ছে, ক্রিকেট কতটা আনপ্রেডিক্টেবল, তা আবারও প্রমাণ হলো।”
এর আগের ম্যাচেও ম্যাচসেরা হয়েছেন মাহমুদউল্লাহ। নিজের ব্যাটিং ফর্ম নিয়ে তিনি বলেন, “সম্ভবত হ্যাঁ! এর আগে কয়েকবার এমন ব্যাটিং করেছি। আলহামদুলিল্লাহ, এখন ব্যাটিংয়ে ভালো একটি মোমেন্টাম পাচ্ছি। আশা করি, সামনের দিনগুলোতেও এমন খেলতে পারব, ইনশাআল্লাহ।”
মাহমুদউল্লাহর দায়িত্বশীল ইনিংসই রংপুর রাইডার্সকে জয় উপহার দিয়েছে এবং টুর্নামেন্টে তাদের শীর্ষ অবস্থান আরও দৃঢ় করেছে।










