Something went wrong

খেলার দুনিয়ার যেসব ক্রীড়া তারকারা এবার নামছেন নির্বাচনের মাঠে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৯ জানুয়ারী, ২০২৬ এ ৩:৩১ এএম
জাতীয় সংসদ নির্বাচন। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখগুলো এবার সরাসরি নামছেন রাজনীতির মাঠে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন অন্তত ২৮ জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তারা নিজ নিজ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে অংশ নিচ্ছেন এবং মাঠে-ময়দানে জনসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন।

খেলার মাঠে সাফল্যের পর এবার সংসদে ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে এগোচ্ছেন এসব ক্রীড়া তারকা। কেউ কেউ ইতোমধ্যে নির্বাচনী এলাকায় সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ড শুরু করেছেন। বিএনপির মনোনয়ন পাওয়া এই প্রার্থীরা মনে করছেন, ক্রীড়াঙ্গনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় রাজনীতিতেও ইতিবাচক অবদান রাখা সম্ভব।

বিএনপির মনোনয়ন পাওয়া ক্রীড়াবিদদের মধ্যে আলোচিত নাম সাবেক ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং সাবেক জাতীয় গোলরক্ষক আমিনুল হক। হাফিজ উদ্দিন ভোলা-৩ এবং আমিনুল হক ঢাকা-১৬ আসন থেকে নির্বাচন করছেন। ক্রীড়া সংগঠকদের মধ্যেও রয়েছেন একাধিক প্রভাবশালী ব্যক্তি।

এবার নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের গভর্নিং বডির সাবেক সদস্য সচিব ছিলেন। তিনি ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হয়েছেন। সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী মির্জা আব্বাস ঢাকা-৮, মনিরুল হক চৌধুরী কুমিল্লা-৬, আলী আসগর লবি খুলনা-৫, শরিফুল আলম কিশোরগঞ্জ-৬ এবং জয়নাল আবেদীন ফারুক নোয়াখালী-২ আসন থেকে নির্বাচন করছেন।

এ ছাড়া বরকত উল্লাহ বুলু নোয়াখালী-৩, খায়রুল কবির খোকন নরসিংদী-১, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা-৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন। বিপিএল দল ঢাকা ক্যাপিটালসের অন্যতম স্বত্বাধিকারী নজরুল ইসলাম আজাদ, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সাবেক ভলিবল খেলোয়াড় এহসানুল হক মিলনসহ আরও অনেক ক্রীড়া সংগঠক বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ক্রীড়া সংগঠকদের উত্তরসূরিরাও এবার নির্বাচনে সক্রিয়। বিএনপির মনোনয়ন পেয়েছেন আফরোজা খান রিতা, মনিরুল ইসলাম খান, ফাহিম চৌধুরী ও ফারজানা শারমিন। তারা সবাই নিজ নিজ এলাকায় রাজনৈতিক মাঠে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন।

বিএনপির বাইরে ক্রীড়াঙ্গনের আরও দুই পরিচিত মুখ এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। বাফুফের সাবেক সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ চট্টগ্রাম-১৪ আসনে এবং সাবেক ফুটবলার সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী মাদারীপুর-১ আসনে প্রার্থী হয়েছেন। লাভলু সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম বলেন, “ক্রীড়া ব্যক্তিত্বদের সংসদ ও নীতিনির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। যারা নির্বাচিত হবেন, তারা ক্রীড়ার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

Advertisement
Advertisement