কোপেনহেগেনকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারী, ২০২৬ এ ৪:৫৮ এএম
ক্যাম্প ন্যুতে কোপেনহেগেনের বিপক্ষে গোল উদযাপনে বার্সেলোনার খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

ক্যাম্প ন্যুতে কোপেনহেগেনের বিপক্ষে গোল উদযাপনে বার্সেলোনার খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

কোপেনহেগেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে ৪–১ গোলের জয় তুলে নিয়ে টুর্নামেন্টের শেষ ষোলো নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বুধবার রাতে ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত এই ম্যাচে জয় ছাড়া বিকল্প না থাকা অবস্থায় মাঠে নেমে সফলভাবে সমীকরণ মিলিয়েছে কাতালানরা।

শেষ ষোলোতে সরাসরি খেলতে বার্সেলোনার সামনে ছিল কঠিন সমীকরণ। শুধু জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হতো অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকেও। সেই চাপ নিয়েই মাঠে নামে তারা এবং প্রত্যাশা পূরণ করে লিগ পর্বে শীর্ষ আটে জায়গা করে নেয়।

ম্যাচের শুরুটা মোটেও ভালো হয়নি স্বাগতিকদের জন্য। চতুর্থ মিনিটেই কোপেনহেগেনকে এগিয়ে দেন ১৭ বছর বয়সী ভিক্টর ডাডাসন। জোয়ান গার্সিয়াকে পরাস্ত করে তার গোল বার্সার রক্ষণভাগের দুর্বলতা আবারও চোখে আনে। প্রথমার্ধে একাধিক সুযোগ পেলেও রাফিনিয়া ও রবার্ট লেভান্ডভস্কি গোলের দেখা পাননি। ৩৩ মিনিটে এরিক গার্সিয়ার শট ক্রসবারে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধে কোচ হানসি ফ্লিক কৌশলগত পরিবর্তন আনেন। এরিক গার্সিয়াকে তুলে মাঝমাঠে মার্ক বের্নালকে নামানোতেই বদলে যায় ম্যাচের চিত্র। ৪৮ মিনিটে লামিনে ইয়ামালের বাড়ানো বলে ফাঁকা জালে গোল করে সমতা ফেরান লেভান্ডভস্কি।

৬০ মিনিটে নিজেই গোল করে দলকে এগিয়ে দেন ইয়ামাল। ডান দিক থেকে নেওয়া তার শট ডিফেন্ডারের গায়ে লেগে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে ঢুকে যায়। এরপর ৬৮ মিনিটে ইয়ামালের পাস থেকে ফাউলের শিকার হন লেভান্ডভস্কি, পেনাল্টি থেকে মৌসুমের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ গোল করেন রাফিনিয়া।

ম্যাচের শেষদিকে, ৮৫ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করেন মার্কাস রাশফোর্ড। এই জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে শেষ করে বার্সেলোনা। সমান পয়েন্ট থাকা সত্ত্বেও গোল ব্যবধানে ম্যানচেস্টার সিটি, চেলসি ও স্পোর্টিংকে পেছনে ফেলে দেয় তারা।

আক্রমণে ধারালো পারফরম্যান্স দেখালেও রক্ষণভাগ নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে বার্সেলোনার। লিগ পর্বে এক ম্যাচেও ক্লিনশিট না পাওয়া এবং শীর্ষ ১৩ দলের মধ্যে সবচেয়ে দুর্বল রক্ষণ হওয়ায় শেষ ষোলোতে এই জায়গাটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।