উইজডেনের বর্ষসেরা একাদশে মুস্তাফিজুর রহমান


উইজডেনের বর্ষসেরা একাদশে জায়গা করে নেওয়া মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের সুবাদে উইজডেনের বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন। এ বছর বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে মুস্তাফিজই এই মর্যাদাপূর্ণ তালিকায় নির্বাচিত হয়েছেন।
উইজডেনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে কমপক্ষে ১৫০ ওভার বল করা বোলারদের মধ্যে মুস্তাফিজের বোলিং গড় ১৮.০৩, যা নিঃসন্দেহে তার সমতুল্যকে হার মানিয়েছে। স্ট্রাইক রেটের ক্ষেত্রে শুধু জেসন হোল্ডার তার চেয়ে সামান্য ভালো ছিলেন। পুরো বছর ধরে মুস্তাফিজ নিয়মিত উইকেট নিয়েছেন এবং রান আটকানোর ক্ষেত্রে সর্বোচ্চ প্রভাবশালী ছিলেন।
জাতীয় ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে ২০২৫ সালে তিনি ৫৯ উইকেট নেন মাত্র ৬.৭৮ ইকোনমি রেটে। পেস বোলিংয়ে তার সঙ্গী নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি, আর দুজন পেস অলরাউন্ডার হিসেবে রয়েছেন স্যাম কারান ও জেসন হোল্ডার। দুই স্পিনার হিসেবে নির্বাচিত হয়েছেন সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী।
ওপেনিং ব্যাটিং জুটি গড়বেন অভিষেক শর্মা ও ফিল সল্ট, মাঝের ব্যাটিং অর্ডারে খেলবেন দেওয়াল্ড ব্রেভিস, ডনোভান ফেরেইরা এবং টিম ডেভিড।
উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশের পুরো তালিকা:
অভিষেক শর্মা, ফিল সল্ট, দেওয়াল্ড ব্রেভিস, স্যাম কারান, ডনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মুস্তাফিজুর রহমান, বরুণ চক্রবর্তী।










