ইয়ামালের পেনাল্টি মিসে শীর্ষস্থান হারাল বার্সা, সুবিধায় রিয়াল


জিরোনার বিপক্ষে ম্যাচে পেনাল্টি মিস করেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। ছবি: সংগৃহীত
লা লিগার শীর্ষে ওঠার বড় সুযোগ হাতছাড়া করল বার্সেলোনা। শুক্রবার রাতে জিরোনার কাছে ২-১ গোলে হেরে শীর্ষস্থান কার্যত তুলে দিল রিয়াল মাদ্রিদের হাতে। ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল-এর পেনাল্টি মিস, যা ম্যাচের গতিপথ বদলে দেয়।
প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি পায় বার্সা। ইয়ামালের পাস থেকে দানি অলমো বক্সে বল পেয়ে ফাউলের শিকার হলে স্পটকিকের নির্দেশ দেন রেফারি। কিন্তু ইয়ামালের নেওয়া শট গোলরক্ষককে পরাস্ত করলেও বারপোস্টে লেগে ফিরে আসে। গুরুত্বপূর্ণ সেই সুযোগ নষ্ট হওয়ায় বিরতিতে গোলশূন্য থাকে ম্যাচ।
দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে অবশেষে এগিয়ে যায় বার্সা। জুল কুন্দের ক্রস থেকে হেডে গোল করেন পাউ কুবারসি। এটি ছিল তার লা লিগায় প্রথম গোল। তবে আনন্দ বেশিক্ষণ টেকেনি। দুই মিনিট পরই সমতা ফেরায় জিরোনা। থমাস লেমারের পাস থেকে গোল করেন ভ্লাদিস্লাভ ভানাত। ম্যাচের ৭১ মিনিটে ভিক্টর সিগানকভের হেড গোলকিপার ঠিকমতো সামাল দিতে না পারায় জয়ের গোল পায় জিরোনা।
এই হারে লা লিগায় বার্সার টানা তিন ম্যাচের জয়ের ধারা থেমে গেল। এর আগে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদ-এর কাছে ৪-০ গোলে হেরেছিল হানসি ফ্লিকের দল। ফলে টানা দুই ম্যাচে পরাজয়ে চাপে পড়েছে কাতালানরা।
অন্যদিকে এই ফলাফলে শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করার সুযোগ পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার ওসাসুনার মাঠে খেলবে রিয়াল। আর রোববার লেভান্তের বিপক্ষে মাঠে নামবে বার্সা। সেই ম্যাচের আগে পয়েন্ট ব্যবধান পাঁচে পৌঁছানোর আশঙ্কা তৈরি হয়েছে।










