Something went wrong

৬ গোলের দাপুটে জয়, ভিনি–এমবাপ্পের তাণ্ডবে স্বরূপে রিয়াল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারী, ২০২৬ এ ৪:০৪ এএম
মোনাকোর বিপক্ষে গোল উদ্‌যাপন করছেন রিয়াল মাদ্রিদের তারকারা। ছবি: সংগৃহীত

মোনাকোর বিপক্ষে গোল উদ্‌যাপন করছেন রিয়াল মাদ্রিদের তারকারা। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে দাপুটে পারফরম্যান্সে স্বরূপে ফিরেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে মোনাকোর বিপক্ষে ৬–১ গোলের বিশাল জয়ে ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের ঝলকে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। পঞ্চম মিনিটেই সাবেক ক্লাবের বিপক্ষে গোলের খাতা খোলেন কিলিয়ান এমবাপ্পে। বক্সের ভেতর নিখুঁত শটে বল জালে পাঠানোর পর ফরাসি সমর্থকদের দিকে তাকিয়ে ক্ষমা চান তিনি।

এই ম্যাচে নিজের হারানো ছন্দ ফিরে পান ভিনিসিয়ুস জুনিয়র। আগের ম্যাচে সমর্থকদের দুয়ো শোনা গেলেও এবার দুর্দান্ত এক গোলের পাশাপাশি একাধিক আক্রমণের সূচনা করেন তিনি। তার গতিময় ফুটবল মোনাকোর রক্ষণভাগকে পুরো ম্যাচজুড়েই চাপে রাখে।

নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে এটি রিয়ালের টানা দ্বিতীয় জয়। জাবি আলোনসোর জায়গায় দায়িত্ব নেওয়ার পর দলকে নতুন আক্রমণাত্মক ছকে খেলাচ্ছেন আরবেলোয়া, যার ফল মিলেছে এই ম্যাচেই।

রিয়ালের হয়ে গোলের তালিকায় নাম লেখান জুড বেলিংহাম ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ভিনিসিয়ুসের ক্রস থেকে আত্মঘাতী গোল করেন মোনাকোর ডিফেন্ডার থিলো কেরার। বিরতির আগেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় রিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। ভিনিসিয়ুসের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে সহজ গোল করেন মাস্তানতুয়োনো। ৫৫ মিনিটে আবারও ভিনিসিয়ুসের ক্রস থেকে আত্মঘাতী গোল হলে স্কোরলাইন দাঁড়ায় ৪–০।

এরপর নিজেই পঞ্চম গোলটি করেন ভিনিসিয়ুস। গোলের পর কোচ আরবেলোয়ার সঙ্গে আলিঙ্গনে দেখা যায় তাকে। ম্যাচের শেষদিকে জুড বেলিংহাম গোলরক্ষককে কাটিয়ে ষষ্ঠ গোলটি করেন।

মোনাকোর হয়ে একমাত্র গোলটি শোধ দেন জর্ডান তেজে। তবে বড় ব্যবধানে হার এড়ানো সম্ভব হয়নি ফরাসি ক্লাবটির।

এই বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে শীর্ষ আটে থাকার লড়াই আরও মজবুত করল রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস ও এমবাপ্পের ফর্মে ফেরায় দলের ভেতরের চাপ কমেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Advertisement
Advertisement