সাফ নারী ফুটসালে ইতিহাস গড়া বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন


সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে উচ্ছ্বসিত বাংলাদেশ নারী ফুটসাল দল। ছবি: সংগৃহীত
সাফ নারী ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়া বাংলাদেশের নারী ফুটসাল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার ব্যাংককে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মালদ্বীপকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জয়ের পর এই অভিনন্দন জানান তিনি।
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করে শিরোপা নিজেদের করে নেয় সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। প্রথম আসরেই এমন সাফল্য দেশের নারী ফুটবলের জন্য নতুন এক দিগন্ত উন্মোচন করেছে।
এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত গৌরবের। এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি করেছে।
তিনি বলেন, এই অর্জন বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, কঠোর পরিশ্রম ও দক্ষতার উজ্জ্বল প্রমাণ। সীমিত সুযোগের মধ্যেও তারা যে ধারাবাহিকভাবে নিজেদের সামর্থ্য প্রমাণ করে চলেছেন, এই শিরোপা তারই প্রতিফলন।
প্রধান উপদেষ্টা বিজয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে আরও বেশি নারী খেলোয়াড় আন্তর্জাতিক পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করার অনুপ্রেরণা পাবে।
নারী ক্রীড়াবিদদের ভবিষ্যৎ পথচলা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে।
প্রসঙ্গত, প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের শেষ দিনে ব্যাংককে অনুষ্ঠিত ফাইনালে মালদ্বীপকে ১৪-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এই ঐতিহাসিক জয় দেশের নারী ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে।









