ভারতে বিশ্বকাপ না খেলায় বাদ পড়ল বাংলাদেশ


ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানোয় আইসিসি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। ছবি:সংগৃহীত
ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন মেগা ইভেন্ট থেকে বাংলাদেশের বাদ পড়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গতকাল আইসিসির প্রধান নির্বাহী (সিইও) সাঞ্জোগ গুপ্তা আইসিসি বোর্ডের সব সদস্যের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানান।
চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি ও অবস্থান আইসিসির নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মেনে নিতে বিসিবি অস্বীকৃতি জানানোয়, বাংলাদেশকে বাদ দিয়ে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া আইসিসির হাতে আর কোনো বিকল্প ছিল না।
এর আগে গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়। তবে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবে।
বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে জায়গা পেয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটিশরা। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড।









