বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে’ আইসিসির সিদ্ধান্তে পিসিবির ক্ষোভ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারী, ২০২৬ এ ৪:৪৩ এএম
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই সঙ্গে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হয়। এই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

আইসিসির এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে এবং এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না।

বোর্ড সভায় প্রতিবাদ পিসিবির

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার বিষয়ে পাকিস্তানের অবস্থান জানতে চাইলে মহসিন নাকভি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি বলেন,

‘পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই মুহূর্তে দেশে নেই। তিনি দেশে ফিরলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাব। তবে আমি স্পষ্টভাবে বলতে চাই—বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে।’

নাকভি জানান, আইসিসির বোর্ড সভাতেও তিনি একই বক্তব্য তুলে ধরেছেন।

দ্বিমুখী সিদ্ধান্ত মানা যায় না

আইসিসির নীতির সমালোচনা করে পিসিবি চেয়ারম্যান বলেন,

‘এমন হতে পারে না যে একটি দেশের জন্য এক ধরনের সিদ্ধান্ত হবে আর অন্য দেশের জন্য সম্পূর্ণ উল্টো সিদ্ধান্ত নেওয়া হবে। এতে আইসিসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়।’

তার মতে, নিরাপত্তা বা রাজনৈতিক কারণে যদি কোনো দেশ নির্দিষ্ট ভেন্যুতে খেলতে না চায়, তাহলে সেটিকে অজুহাত হিসেবে ব্যবহার করে দলকে বাদ দেওয়া অনুচিত।

বাংলাদেশকে বিশ্বকাপে রাখার দাবি

বাংলাদেশের পক্ষে জোরালো অবস্থান জানিয়ে নাকভি বলেন,

‘যেকোনো পরিস্থিতিতেই বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার আছে। বাংলাদেশ আইসিসির একটি পূর্ণ সদস্য ও বড় অংশীদার দেশ। তাদের প্রতি এ ধরনের আচরণ অবিচার।’

তিনি আরও বলেন, কোনো দেশ অন্য দেশকে নির্দেশ দিতে পারে না। যদি এমন চেষ্টা করা হয়, তাহলে পাকিস্তান নিজের অবস্থান স্পষ্টভাবে জানাবে।

পাকিস্তান-ভারতের উদাহরণ টানলেন নাকভি

আইসিসির সিদ্ধান্তে অসামঞ্জস্যের অভিযোগ তুলে পিসিবি চেয়ারম্যান বলেন,

‘আপনি যদি পাকিস্তান ও ভারতের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়ে থাকেন, তাহলে বাংলাদেশের ক্ষেত্রেও একই আচরণ করা উচিত। বাংলাদেশ পাকিস্তানের মতোই আইসিসির পূর্ণ সদস্য।’

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে বিভাজন তৈরি হয়েছে। পিসিবির প্রকাশ্য প্রতিবাদে বিষয়টি আরও আলোচনায় এসেছে। এখন দেখার বিষয়, আইসিসি এই সমালোচনার পর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কি না।