বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ড, যা বললেন টম মুডি


বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়া স্কটল্যান্ড দল। ছবি: সংগৃহীত
নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে খেলতে না যাওয়ার সিদ্ধান্তের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের পরিবর্তে শেষ মুহূর্তে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে।
বিশ্ব মঞ্চে বাংলাদেশ দলের অনুপস্থিতিকে ক্রিকেটের জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। সংগঠনটি মনে করছে, একটি পূর্ণ সদস্য দেশের বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো ক্রিকেট বিশ্বে নেতিবাচক বার্তা দেয়।
বাংলাদেশের জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়া প্রসঙ্গে স্কটল্যান্ড দলের অস্ট্রেলিয়ান প্রধান নির্বাহী টম মুডি বলেন, তারা এভাবে বিশ্বকাপে খেলতে চাননি। তার ভাষায়, “স্পষ্টতই আমরা এভাবে বিশ্বকাপ খেলতে চাইনি। বিশ্বকাপে খেলার জন্য একটি নির্দিষ্ট যোগ্যতা প্রক্রিয়া রয়েছে, আর আমরা সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই নিজেদের যোগ্যতা প্রমাণ করে খেলতে চেয়েছিলাম।”
তিনি আরও বলেন, “কেউই আমাদের মতো করে যোগ্যতা অর্জন না করেই বিশ্বকাপে অংশ নিতে চায় না। আমরা বুঝতে পারছি, এই পরিস্থিতি একেবারেই ব্যতিক্রমী। বাংলাদেশের খেলোয়াড়রা বিশ্বকাপ খেলতে না পারায় যে কষ্ট পাচ্ছেন, তা আমরা অনুভব করছি।”
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সরে দাঁড়ানো এবং স্কটল্যান্ডের শেষ মুহূর্তে সুযোগ পাওয়া—দুই ঘটনাই আন্তর্জাতিক ক্রিকেটে এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে। একই সঙ্গে এটি নিরাপত্তা, ক্রীড়া কূটনীতি ও বৈশ্বিক টুর্নামেন্ট ব্যবস্থাপনা নিয়ে নতুন প্রশ্নও সামনে এনেছে।
বিশ্বকাপের আগে এই পরিবর্তনে অংশগ্রহণকারী দলগুলোর প্রস্তুতি ও গ্রুপ সমীকরণে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।









