পাকিস্তানে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৪:৩৯ এএম
লাহোরে তৃতীয় টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয় পাকিস্তান দলের। ছবি: সংগৃহীত

লাহোরে তৃতীয় টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয় পাকিস্তান দলের। ছবি: সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপের মাত্র পাঁচ দিন আগে পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। রোববার (১ ফেব্রুয়ারি) লাহোরে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ১১১ রানে হেরে ইতিহাসের অন্যতম বড় লজ্জার রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া।

এই পরাজয়ের মধ্য দিয়ে টি–টোয়েন্টি ক্রিকেটে রানের ব্যবধানে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ হার হিসেবে নতুন রেকর্ড তৈরি হয়েছে। এর আগে ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১০০ রানে হারই ছিল অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় পরাজয়। পাকিস্তানের বিপক্ষে এই হার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল।

লাহোরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ২০৭ রান। ওপেনার সাইম আইয়ুব করেন ৫৬ রান, আর সাবেক অধিনায়ক বাবর আজম খেলেন দায়িত্বশীল ফিফটি ইনিংস। শেষ দিকে শাদাব খানের বিধ্বংসী ব্যাটিংয়ে আরও বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। মাত্র ১৯ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৪৬ রানের টর্নেডো ইনিংস খেলেন তিনি।

২০৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। পাকিস্তানের স্পিন আক্রমণের সামনে তারা একের পর এক উইকেট হারাতে থাকে। বিশেষ করে মোহাম্মদ নওয়াজের ঘূর্ণিতে পুরোপুরি দিশেহারা হয়ে পড়ে সফরকারীরা।

১৬.৫ ওভারে মাত্র ৯৬ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন মার্কাস স্টোয়নিস। ক্যামেরন গ্রিন করেন ২২ রান, আর জশ ফিলিপসের ব্যাট থেকে আসে ১৪ রান। মোহাম্মদ নওয়াজ ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে একাই ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলিং পারফরম্যান্স উপহার দেন।

বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের ঠিক আগে এমন হোয়াইটওয়াশ ও বড় ব্যবধানে হার অস্ট্রেলিয়ার জন্য বড় সতর্কবার্তা। অন্যদিকে পাকিস্তান এই সিরিজ জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে বিশ্বকাপে মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে।