টানা দুই হারে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল শ্রীলংকা


টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকাকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ছবিঃ সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে শ্রীলংকাকে ৬১ রানে হারিয়ে সুপার এইট পর্বে এগিয়ে গেল নিউজিল্যান্ড। বুধবার (২৫ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬৮ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে শ্রীলংকা ১০৭/৭ রানেই থেমে যায়। এই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় স্বাগতিকরা।
এর আগে সুপার এইট পর্বে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পেয়েছিল নিউজিল্যান্ড। ফলে দ্বিতীয় ম্যাচে জয়ের মাধ্যমে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল কিউইরা। অন্যদিকে, ইংল্যান্ডের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও হারায় শ্রীলংকা। ফলে টানা দুই পরাজয়ে ছিটকে যায় তারা।
ম্যাচে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ৮৪ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। সেখান থেকে অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোল ম্যাকেনকির ৪৭ বলে ৮৪ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। স্যান্টনার ২৬ বলে ৪৭ রান করেন, যার মধ্যে ছিল ২টি চার ও ৪টি ছক্কা। ম্যাকেনকি ২৩ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। শেষ চার ওভারে তারা দলকে যোগ করেন ৭০ রান, যা চ্যালেঞ্জিং সংগ্রহ গড়তে সহায়ক হয়।
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলংকা। ইনিংসের শুরু থেকেই চাপে পড়ে স্বাগতিকরা। কামিন্দু মেন্ডিস ৩১ রান ও দুনিত ওয়েলালাগে ২৯ রান করলেও বড় জুটি গড়তে পারেননি কেউ। ফলে ১০৭/৭ রানেই থামে লঙ্কানদের ইনিংস।
বল হাতে দুর্দান্ত ছিলেন রাচিন রবিন্দ্র। তিনি ৪ ওভারে ২৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। অধিনায়ক ম্যাট হেনরি ২ ওভারে মাত্র ৩ রানে ২ উইকেট নেন। এছাড়া স্যান্টনার ও গ্লেন ফিলিপস একটি করে উইকেট নেন।
এই জয়ের ফলে সেমিফাইনালের পথে এগিয়ে গেল নিউজিল্যান্ড। অন্যদিকে, ঘরের মাঠে টানা দুই হারে হতাশাজনক বিদায় নিতে হলো শ্রীলংকাকে।










