আইসিসি র্যাংকিংয়ে এগিয়ে বাংলাদেশ, ২০২৭ বিশ্বকাপের পথে বড় সুখবর


পাকিস্তান সিরিজ জয়ের পর আইসিসি র্যাংকিংয়ে উন্নতি করেছে বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পরপরই আইসিসি থেকে দারুণ সুখবর পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ হালনাগাদ র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে ওয়ানডে র্যাংকিংয়ের ৯ নম্বরে উঠে এসেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।
এই অগ্রগতির ফলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী বছরের ৩১ মার্চের র্যাংকিংয়ের ভিত্তিতে নির্ধারণ করা হবে কোন দলগুলো সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া র্যাংকিংয়ের শীর্ষ আট দল সরাসরি জায়গা পাবে।
বর্তমানে দক্ষিণ আফ্রিকা রয়েছে ৫ নম্বরে এবং জিম্বাবুয়ে ১১ নম্বরে অবস্থান করছে। সে হিসেবে বাংলাদেশ যদি ৯ নম্বর অবস্থান ধরে রাখতে পারে, তবে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সম্ভাবনা অনেকটাই জোরালো থাকবে।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পরও ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। তখন ৭৭ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ছিল ৯ নম্বরে। তবে পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জেতায় বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে এখন ৭৯ হয়েছে, ফলে তারা উঠে এসেছে নবম স্থানে।
অন্যদিকে পাকিস্তান র্যাংকিংয়ের চার নম্বর দল হয়েও তিন রেটিং পয়েন্ট হারিয়েছে। তবে অবস্থানে কোনো পরিবর্তন হয়নি তাদের। আট নম্বরে থাকা ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ব্যবধান এখনো ৯ রেটিং পয়েন্ট, যা কমাতে হলে সামনে ভালো পারফরম্যান্স জরুরি।
আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। কিউইরা বর্তমানে র্যাংকিংয়ের দুই নম্বরে রয়েছে। এই সিরিজে ভালো ফল করতে পারলে রেটিং পয়েন্ট আরও বাড়ানোর সুযোগ রয়েছে টাইগারদের সামনে।
বিশেষ করে আইপিএল ও পিএসএলের কারণে নিউজিল্যান্ডের অনেক শীর্ষ খেলোয়াড় অনুপস্থিত থাকতে পারেন, যা বাংলাদেশের জন্য বাড়তি সুবিধা হতে পারে। তাই এই সিরিজকে সামনে রেখে র্যাংকিংয়ে অবস্থান আরও শক্ত করার বড় সুযোগ দেখছেন বিশ্লেষকরা।










