১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ, কর্ণাটকের বড় সিদ্ধান্ত


শিশুদের মোবাইল আসক্তি কমাতে কর্ণাটক সরকার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ছবি: সংগৃহীত
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে শিশু-কিশোরদের মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ঘোষণায় বলা হয়েছে, ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হবে। শিশুদের মানসিক ও সামাজিক বিকাশে অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিকর প্রভাব কমাতেই এ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
শুক্রবার বাজেট বক্তৃতায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই ঘোষণা দেন। তিনি বলেন, শিশুদের মধ্যে ক্রমবর্ধমান মোবাইল আসক্তি উদ্বেগজনক হয়ে উঠছে। এই প্রবণতা নিয়ন্ত্রণ করতে ১৬ বছরের নিচের বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের কোনো রাজ্যে শিশুদের জন্য এ ধরনের সরাসরি নিষেধাজ্ঞা এটিই প্রথম বলে মনে করা হচ্ছে। প্রযুক্তিনগরী বেঙ্গালুরু কেন্দ্র করে গড়ে ওঠা কর্ণাটক রাজ্য দীর্ঘদিন ধরেই তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবুও শিশুদের সুরক্ষার স্বার্থে সরকার এ ধরনের কঠোর নীতি গ্রহণ করেছে।
বিশ্বজুড়ে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে উদ্বেগ বাড়ছে। গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সরকারও শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করার সিদ্ধান্ত নেয়। একই ধরনের নীতি নিয়ে আলোচনা চলছে যুক্তরাজ্য, ডেনমার্ক ও গ্রিসসহ কয়েকটি দেশে।
ভারত বর্তমানে বিশ্বের অন্যতম বড় সামাজিক যোগাযোগমাধ্যমের বাজার। দেশটিতে প্রায় ১০০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী এবং প্রায় ৭৫ কোটি স্মার্টফোন রয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর জন্যও ভারত অন্যতম বড় ব্যবহারকারীভিত্তিক বাজার।
তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন, কেবল বয়সভিত্তিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা কঠিন হতে পারে। কারণ অনেক শিশু ভুয়া তথ্য বা পরিচয় ব্যবহার করে সহজেই এসব সীমাবদ্ধতা এড়িয়ে যেতে পারে। এদিকে কর্ণাটকের প্রতিবেশী রাজ্য গোয়াও একই ধরনের পদক্ষেপ বিবেচনা করছে এবং অন্ধ্রপ্রদেশেও শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রস্তাব করা হয়েছে।









