সারাদেশে আম্বার আইটির ফ্রি ওয়াই-ফাই জোন চালু

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক
১০ মার্চ, ২০২৬ এ ৫:১৭ এএম
আম্বার আইটির উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে চালু হচ্ছে ফ্রি ওয়াই-ফাই জোন। ছবি: সংগৃহীত

আম্বার আইটির উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে চালু হচ্ছে ফ্রি ওয়াই-ফাই জোন। ছবি: সংগৃহীত

দেশজুড়ে ইন্টারনেট সেবাকে আরও সহজলভ্য করতে নতুন উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম শীর্ষ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি লিমিটেড। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার পাশাপাশি এবার সারাদেশে আম্বার আইটির গ্রাহকদের জন্য চালু করা হচ্ছে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’। এসব জোনে প্রতিষ্ঠানটির নিবন্ধিত ব্যবহারকারীরা নির্দিষ্ট পয়েন্টে সংযুক্ত হয়ে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে দেশের পাঁচটি স্থানে পরীক্ষামূলকভাবে এই ওয়াই-ফাই জোন চালু করা হয়েছে। চলতি বছরের মধ্যেই দেশজুড়ে মোট ৫০০টি ওয়াই-ফাই জোন স্থাপনের পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে দেশের গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ এলাকাগুলোতে এসব ওয়াই-ফাই পয়েন্ট স্থাপন করা হবে।

আম্বার আইটি জানিয়েছে, স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সম্পৃক্ত করেই এসব ওয়াই-ফাই জোন পরিচালনা করা হবে। সাধারণত ফার্মেসি, চায়ের দোকান, মুদি দোকানসহ স্থানীয় ছোট ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমেই এসব পয়েন্ট গড়ে তোলা হবে। ফলে স্থানীয় ব্যবসায়ীদের জন্যও এটি বাড়তি আয়ের সুযোগ তৈরি করবে।

আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল হাকিম বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলেও সহজলভ্য ও সাশ্রয়ী ইন্টারনেট পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। তার মতে, এই ওয়াই-ফাই জোন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ খুব সহজেই নির্ভরযোগ্য ইন্টারনেট সুবিধা পাবেন এবং একই সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার পথ খুলবে।

প্রতিষ্ঠানটির বিদ্যমান গ্রাহকেরা যে মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করেছেন, সেই নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট ওয়াই-ফাই জোনে লগইন করে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অন্যদিকে যারা আম্বার আইটির গ্রাহক নন, তারাও সহজেই কুপন কার্ড কিনে এই সেবা ব্যবহার করতে পারবেন।

এই কুপন কার্ডে বিভিন্ন মেয়াদের প্যাকেজ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫ ঘণ্টার জন্য ৮ টাকা, ১ দিনের জন্য ১২ টাকা, ৭ দিনের জন্য ৬৬ টাকা এবং ৩০ দিনের জন্য ২০০ টাকার প্যাকেজ। কুপনে দেওয়া কোড ব্যবহার করেই ব্যবহারকারীরা দ্রুত ইন্টারনেটে সংযুক্ত হতে পারবেন।

ইতোমধ্যে বরিশালের বিবির পুকুর পাড়, ভোলার চরফ্যাশনের জ্যাকব টাওয়ার এলাকা, শ্রীমঙ্গলের রেলস্টেশন, সিরাজগঞ্জের শিয়ালকোল কলেজ রোড এবং নীলফামারী জেলার ইপিজেড মোড়ে এসব ওয়াই-ফাই জোন চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি মাসের মধ্যে—বিশেষ করে ঈদের আগেই—দেশের আরও অন্তত ১৫টি স্থানে নতুন ওয়াই-ফাই জোন চালু করা হবে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে জনসমাগমপূর্ণ এলাকায় ইন্টারনেট ব্যবহার আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থী, ভ্রমণকারী, ফ্রিল্যান্সারসহ সাধারণ ব্যবহারকারীরা প্রয়োজনের সময় দ্রুত ইন্টারনেট সংযোগ পেয়ে উপকৃত হবেন। পাশাপাশি স্থানীয় ছোট ব্যবসায়ীরাও ওয়াই-ফাই পয়েন্ট পরিচালনার মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ পাবেন।