মেটার বিরুদ্ধে ব্রাজিল ও চীনের প্রতিষ্ঠানদের মামলা


প্রতারণামূলক বিজ্ঞাপনের অভিযোগে সমালোচিত মেটা। ছবি: সংগৃহীত
মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটা ব্রাজিল ও চীনের কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্তরা মেটার প্ল্যাটফর্মে কৃত্রিমভাবে তৈরি সেলিব্রিটি ডিপফেক ভিডিও ব্যবহার করে ভোক্তাদের প্রতারণা করছিল। খবরটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মেটার বিবৃতিতে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে অপরাধীরা জনপ্রিয় ব্যক্তিদের কণ্ঠস্বর ও ভিডিও নিখুঁতভাবে নকল করছে। এসব ভুয়া অডিও-ভিডিও ব্যবহার করে তারা প্রতারণামূলক বিনিয়োগ বা পণ্যের প্রচারণা চালাচ্ছে।
ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা চারজন প্রতারক বিজ্ঞাপনদাতার বিরুদ্ধে মামলা করেছে। অভিযুক্তরা সুপরিচিত সেলিব্রিটি এবং ব্র্যান্ডের ছদ্মবেশে মানুষকে বিভ্রান্ত করছিল।
ব্রাজিলে মেটা বিএন্ডবি সাপ্লিমেন্টস ই কসমেটিকস এবং ব্রাইটস একাডেমিয়া ডি ট্রেনামেন্টোর-এর বিরুদ্ধে এবং আরও দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগে বলা হয়েছে, তারা একটি প্রতারণামূলক চক্র পরিচালনা করছিল, যেখানে একজন খ্যাতনামা চিকিৎসকের ডিপফেক ভিডিও ব্যবহার করে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ছাড়াই স্বাস্থ্যসেবা সংক্রান্ত পণ্যের বিজ্ঞাপন চালানো হচ্ছিল। মেটা জানিয়েছে, ব্রাইটেস এমন কোর্সও বিক্রি করে যা একই কৌশল প্রয়োগ করতে শেখায়।
ব্রাজিলিয়ান ক্যান্সার বিশেষজ্ঞ দ্রৌজিও ভারেলা এই মামলার বিষয়ে বলেছেন, মেটার আইনি ব্যবস্থা অপর্যাপ্ত এবং মেটার প্ল্যাটফর্মগুলো মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। তিনি বলেন, “তারা ভিডিওটি ছড়িয়ে দিয়ে এবং মানুষকে তা দেখার সুযোগ নিশ্চিত করে কোটি কোটি ডলার আয় করছে।”
চীনে মেটা শেনজেন ইউনঝেং টেকনোলজি-এর বিরুদ্ধে মামলা করেছে, যারা মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানসহ অন্যান্য দেশের মানুষকে লক্ষ্য করে প্রতারণামূলক সেলিব্রিটি বিজ্ঞাপন প্রচার করছিল। এছাড়া ভিয়েতনামী কোম্পানি লি ভ্যান ল্যামের বিরুদ্ধে লংচ্যাম্প বিলাসবহুল হ্যান্ডব্যাগের জন্য প্রতারণামূলক বিজ্ঞাপন প্রকাশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।










