ফুসফুস ক্যানসার শনাক্তে এআই প্রযুক্তি অনুমোদন পেল যুক্তরাজ্যে


ফুসফুস ক্যানসার শনাক্তে নতুন এআই সফটওয়্যার ভার্চুয়াল নডিউল ক্লিনিক ব্যবহার করা হচ্ছে। ছবি সংগৃহীত
যুক্তরাজ্যে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ফুসফুস ক্যানসার শনাক্তের জন্য ব্যবহারের অনুমোদন দিয়েছে থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন। ভার্চুয়াল নডিউল ক্লিনিক নামের সফটওয়্যারটি ফুসফুসে থাকা নডিউল বা ছোট গাঁট বিশ্লেষণ করে ক্যানসারের ঝুঁকি নির্ধারণে সক্ষম। এ প্রযুক্তি রোগীর চিকিৎসা অগ্রাধিকার নির্ধারণ ও সম্ভাব্য ঝুঁকি পূর্বাভাসেও সহায়তা করে।
এই এআই প্ল্যাটফর্মটি তৈরি করেছে যুক্তরাজ্যের অপটেলাম কোম্পানি। ইতোমধ্যে এটি যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাজ্যে ক্লিনিক্যাল ব্যবহারের অনুমোদন পেয়েছে। চিকিৎসা প্রযুক্তিতে এটি নতুন অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
অন্যদিকে, স্বাস্থ্য প্রযুক্তি প্রতিষ্ঠান মেডটেক গ্লোবাল প্রাথমিক স্বাস্থ্যসেবায় ব্যবহারের জন্য তাদের নতুন এআই সমাধান চালু করেছে। মেডটেক এআই সফটওয়্যারটি প্র্যাকটিস ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে সংযুক্ত হয়ে রোগীর তথ্য বিশ্লেষণ, চিকিৎসা নথি তৈরি এবং প্রয়োজনীয় নোট অটোমেটিকভাবে তৈরি করতে সক্ষম।
এআই সিস্টেম রোগীর ওষুধ, রোগের ইতিহাস, অ্যালার্জি, টিকাদান এবং সাম্প্রতিক চিকিৎসা সংক্রান্ত তথ্য এক ড্যাশবোর্ডে প্রদর্শন করে। জটিল রোগীর চিকিৎসা ইতিহাস সংক্ষেপে ২০ সেকেন্ডের মধ্যেই উপস্থাপন করা সম্ভব।
এদিকে পার্থভিত্তিক প্রতিষ্ঠান অনকোরেস মেডিক্যাল স্তন ক্যানসার শনাক্তে এলোরা কোয়ান্টিটেটিভ মাইক্রো-ইলাস্টোগ্রাফি ইমেজিং সিস্টেম উন্নয়নের জন্য ২৭ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার তহবিল সংগ্রহ করেছে। এই প্রযুক্তি অস্ত্রোপচারের সময় টিস্যুর দৃঢ়তা শনাক্ত করে অবশিষ্ট টিউমার খুঁজে বের করতে সার্জনদের সহায়তা করবে। ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়ার ছয়টি হাসপাতালে।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের এআই উদ্যোগ স্বাস্থ্যসেবায় প্রযুক্তির দ্রুত বিস্তারের ইঙ্গিত দিচ্ছে। এর ফলে রোগ নির্ণয়ের নির্ভুলতা বাড়বে, চিকিৎসা ব্যবস্থাপনা আরও দক্ষ হবে এবং অস্ত্রোপচারে প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি পাবে।










