এক্স অ্যাকাউন্ট হ্যাকড হলে বুঝবেন যেসব লক্ষণে


এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিং থেকে নিরাপদ থাকতে প্রয়োজন সচেতনতা ও সতর্কতা।
বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এর ব্যবহারকারী সংখ্যা দিন দিন বাড়ছে। রাজনীতিবিদ, তারকা, ক্রীড়াবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই মতামত প্রকাশ ও তথ্য আদান–প্রদানে এই প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। তবে জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঝুঁকি, যা ব্যবহারকারীদের জন্য বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি করছে।
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে এক্স ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা বেড়েছে। সাধারণত ফিশিং ইমেইল, ভুয়া লিংক, দুর্বল পাসওয়ার্ড কিংবা অনিরাপদ নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে হ্যাকাররা অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। যুক্তরাষ্ট্রভিত্তিক বাণিজ্য সাময়িকী ফোর্বস–এ প্রকাশিত একাধিক প্রতিবেদনে এসব পদ্ধতির উল্লেখ রয়েছে।
অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম যে লক্ষণটি দেখা যায়, তা হলো নিজের অজান্তেই পোস্ট বা রিপোস্ট হওয়া। অনেক ক্ষেত্রে ব্যবহারকারী লক্ষ্য করেন, ডিরেক্ট মেসেজ পাঠানো হয়েছে বা অপরিচিত অ্যাকাউন্ট ফলো করা হয়েছে। কখনো কখনো হঠাৎ করেই পাসওয়ার্ড কাজ করা বন্ধ হয়ে যায় কিংবা পাসওয়ার্ড পরিবর্তনের নোটিফিকেশন আসে।
হ্যাকাররা প্রায়ই বিটকয়েন বিনিয়োগ, আর্থিক লাভ, ডায়েট প্রোগ্রাম বা ভুয়া প্রতিযোগিতার লিংক শেয়ার করে থাকে। এসব পোস্ট ব্যবহারকারীর বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করে এবং অনুসারীদেরও ঝুঁকিতে ফেলে। অনেক সময় এটিই অ্যাকাউন্ট হ্যাক হওয়ার প্রথম স্পষ্ট ইঙ্গিত।
অ্যাকাউন্ট হ্যাকের প্রভাব শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ থাকে না। বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিগত তথ্য ফাঁস হলে ব্যাংক অ্যাকাউন্টে অজানা লেনদেন, ক্রেডিট কার্ডে সন্দেহজনক চার্জ কিংবা ক্রিপ্টো ওয়ালেট থেকে অর্থ স্থানান্তরের ঝুঁকি তৈরি হতে পারে। একই সঙ্গে অচেনা ইমেইল বা নিরাপত্তা সতর্কবার্তাও আসতে পারে।
এ ধরনের ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার, দুই-ধাপ যাচাইকরণ (টু-ফ্যাক্টর অথেনটিকেশন) চালু এবং সন্দেহজনক লিংক এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। পাশাপাশি কেবল বিশ্বস্ত অ্যাপ ও নেটওয়ার্ক ব্যবহার করলে হ্যাকিংয়ের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।








