ইনস্টাগ্রাম স্টোরিতে থ্রেডসের নতুন শেয়ারিং ফিচার চালু


মেটার থ্রেডস–এ ইনস্টাগ্রাম স্টোরিতে সরাসরি পোস্ট শেয়ার করার নতুন সুবিধা যুক্ত হয়েছে। ছবিঃ সংগৃহীত
মেটা তাদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডস–এ যুক্ত করেছে নতুন একটি সুবিধা, যার মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপের মধ্যেই নিজেদের পোস্ট সরাসরি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করতে পারবেন। এর আগে পোস্ট শেয়ার করতে অ্যাপ থেকে বের হতে হতো, কিন্তু নতুন আপডেটে থ্রেডসের ভিতর থেকেই স্টোরিতে পোস্টের প্রিভিউ দেখা যাবে।
থ্রেডসের ব্যবহারকারী সংখ্যা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এই ফিচার চালু করেছে মেটা। বিশেষ করে ইনস্টাগ্রামের বিশাল ব্যবহারকারীভিত্তিকে কাজে লাগিয়ে প্ল্যাটফর্মটির কার্যক্রম আরও সম্প্রসারিত করতে চায় প্রতিষ্ঠানটি।
বর্তমানে থ্রেডসের মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ৪০ কোটির বেশি হলেও প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম X–এর সঙ্গে টক্কর দিতে আরও শক্ত অবস্থান গড়ে তুলতে চাইছে মেটা।
২০২৩ সালের জুলাই মাসে থ্রেডস চালু হওয়ার পর থেকেই এটি ইনস্টাগ্রামের সঙ্গে সংযুক্ত রয়েছে। অ্যাকাউন্ট খোলার সময় ইনস্টাগ্রাম আইডি দিয়ে লগইন করতে হয়, যার ফলে প্রোফাইলের নাম, ছবি, বায়ো ও ভেরিফিকেশন তথ্য স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যায়। এছাড়া ইনস্টাগ্রামে যাদের অনুসরণ করা হয়, তারা থ্রেডসেও সহজে অনুসরণ করা যায়।
গত দুই বছরে মেটা তাদের অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে থ্রেডসের প্রচার বাড়িয়েছে। জনপ্রিয় থ্রেডস পোস্ট ফেসবুকে প্রদর্শিত হয়েছে এবং ইনস্টাগ্রামে আলাদা থ্রেডস কারোসেল যুক্ত করা হয়েছে। এছাড়া ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে সরাসরি থ্রেডসে পোস্ট করার সুবিধাও চালু করা হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, এসব পদক্ষেপ ইতিবাচক প্রভাব ফেলেছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান SimilarWeb–এর তথ্যমতে, মোবাইলে দৈনিক ব্যবহারের ক্ষেত্রে থ্রেডস এখন X–কে ছাড়িয়ে গেছে, যদিও ওয়েব প্ল্যাটফর্মে এখনও X এগিয়ে রয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে থ্রেডসের মাসিক ব্যবহারকারী ছিল ২০ কোটি। এক বছরের মধ্যে তা বেড়ে ২০২৫ সালের আগস্টে ৪০ কোটিতে পৌঁছেছে। অক্টোবরে মেটা জানিয়েছে, থ্রেডসের দৈনিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ১৫ কোটিতে দাঁড়িয়েছে।
মেটার আশা, নতুন স্টোরি শেয়ারিং ফিচার ব্যবহারকারীদের আরও সক্রিয় করবে এবং ইনস্টাগ্রামের ব্যবহারকারীদের থ্রেডসে যুক্ত করতেও সহায়তা করবে।









