অ্যাপল আনছে নতুন এআই চশমা, পেনড্যান্ট ও ক্যামেরাযুক্ত এয়ারপডস


অ্যাপল পরিকল্পনা করছে এআই চশমা, পেনড্যান্ট ও ক্যামেরাযুক্ত এয়ারপডস বাজারে আনার।
অ্যাপল নতুন তিনটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ডিভাইস বাজারে আনার পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে স্মার্ট চশমা, এআই-চালিত একটি পেনড্যান্ট এবং ক্যামেরা সংবলিত এয়ারপডস। প্রতিবেদনে বলা হয়েছে, এসব ডিভাইস ব্যবহারকারীর আশপাশের পরিবেশ বুঝতে পারবে এবং আইফোনের সঙ্গে সংযুক্ত হয়ে সিরি বিভিন্ন কাজ সম্পন্ন করবে।
ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গারম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল তাদের প্রথম স্মার্ট চশমা ২০২৭ সালে বাজারে আনতে পারে। চলতি বছরের ডিসেম্বর থেকেই এর উৎপাদন শুরুর লক্ষ্য রয়েছে। নতুন চশমাটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে মেটার স্মার্ট গ্লাস লাইনের সঙ্গে। তবে অ্যাপল নিজস্ব নকশা ও উচ্চমানের নির্মাণশৈলীর মাধ্যমে আলাদা পরিচিতি তৈরি করতে চায়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চশমায় বিল্ট-ইন ডিসপ্লে থাকছে না। তবে এতে থাকবে স্পিকার, মাইক্রোফোন এবং উচ্চ রেজোলিউশনের ক্যামেরা। ব্যবহারকারী ফোন কল করতে পারবে, গান শুনতে পারবে এবং সিরির সঙ্গে কথোপকথনও করতে পারবে। এছাড়া আশপাশের পরিবেশ বিশ্লেষণ করে চশমা বিভিন্ন তথ্য সরবরাহ করবে। যেমন—খাবারের উপাদান, দিকনির্দেশনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা শনাক্ত করা। নির্দিষ্ট পরিস্থিতিতে কাজের কথা মনে করানোর সুবিধাও থাকবে।
প্রাথমিক প্রোটোটাইপে চশমা ব্যাটারি প্যাক ও আইফোনের সঙ্গে কেবল দিয়ে সংযুক্ত ছিল। নতুন সংস্করণে প্রয়োজনীয় যন্ত্রাংশ ফ্রেমের ভেতরেই সংযুক্ত করা হয়েছে।
অ্যাপল এআই-চালিত পেনড্যান্ট ও ক্যামেরাযুক্ত এয়ারপডস নিয়েও কাজ করছে। এই ডিভাইসগুলোও আইফোনের সঙ্গে সমন্বয় করবে এবং ব্যবহারকারীর চারপাশের ‘ভিজ্যুয়াল কনটেক্সট’ বুঝে সিরি তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পারবে। প্রযুক্তি দুনিয়ায় এআই-নির্ভর ওয়্যারেবল ডিভাইসের প্রতিযোগিতা বাড়ছে, এবং সে দৌড়ে নতুন মাত্রা যোগ করতে চায় অ্যাপল।










