মাইক্রোসফট বন্ধ করল লাইব্রেরি ও সংবাদ সাবস্ক্রিপশন, এআই শেখায় জোর

প্রযুক্তি ডেস্ক
প্রযুক্তি ডেস্ক
২১ জানুয়ারী, ২০২৬ এ ১১:২৩ এএম
মাইক্রোসফট । ছবি: সংগৃহীত

মাইক্রোসফট । ছবি: সংগৃহীত

টেক জায়ান্ট মাইক্রোসফট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্রিক রূপান্তরে কাজের ধারায় গত বছর প্রায় ১৫ হাজার কর্মী ছাঁটাইয়ের পর এবার লাইব্রেরি ও সংবাদপত্রের সাবস্ক্রিপশন সুবিধা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি এখন এআইভিত্তিক আধুনিক শেখার পরিবেশ গড়ে তোলায় বেশি গুরুত্ব দিচ্ছে।

মাইক্রোসফট ২০২৫ সালের নভেম্বর থেকে বিভিন্ন সংবাদ ও গবেষণা পরিষেবার সাবস্ক্রিপশন নবায়ন বন্ধের উদ্যোগ নেয়। এই পরিবর্তন সম্পর্কে সংশ্লিষ্ট প্রকাশকদের স্বয়ংক্রিয় ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে, চুক্তি মেয়াদ শেষ হলে তা আর নবায়ন করা হবে না। এর ফলে প্রায় ২২ বছর ধরে চলমান স্ট্র্যাটেজিক নিউজ সার্ভিস (SNS)-এর সঙ্গে মাইক্রোসফটের সম্পর্কও শেষ হয়ে গেছে। আগে এই সার্ভিস কোম্পানির প্রায় ২ লাখ ২০ হাজার কর্মীর জন্য বৈশ্বিক ব্যবসায়িক প্রতিবেদন সরবরাহ করত।

কর্মীরা জানান, এখন তারা ‘দ্য ইনফরমেশন’সহ গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রকাশনায় ডিজিটাল প্রবেশাধিকার পাচ্ছেন না। পাশাপাশি মাইক্রোসফটের নিজস্ব লাইব্রেরি থেকেও ব্যবসায়িক বই পাওয়া যাচ্ছে না।

মাইক্রোসফটের অভ্যন্তরীণ নথিতে বলা হয়েছে, এই পরিবর্তনগুলো ‘স্কিলিং হাব’ নামক এআইচালিত শেখার প্ল্যাটফর্ম গড়ে তোলার অংশ। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সব ফিজিক্যাল লাইব্রেরি স্থায়ীভাবে বন্ধ করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা এআইভিত্তিক এই রূপান্তরের নেতৃত্ব দিচ্ছেন এবং শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে।

বর্তমানে মাইক্রোসফট নতুন প্রযুক্তির মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব দিচ্ছে, যা ভবিষ্যতের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অপরিহার্য। তবে সাবস্ক্রিপশন বন্ধের ফলে কর্মীদের তথ্য ও গবেষণার প্রবাহে বিঘ্ন ঘটতে পারে বলে কিছু উদ্বেগ দেখা দিয়েছে।

মাইক্রোসফটের এআইভিত্তিক রূপান্তর তাদের শিক্ষণ এবং তথ্যপ্রাপ্তির পদ্ধতিতে গভীর পরিবর্তন আনছে। যদিও দীর্ঘদিনের লাইব্রেরি ও সংবাদপত্রের সুবিধা বন্ধ হওয়ায় কিছু কর্মীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, তবে কোম্পানি বিশ্বাস করে আধুনিক শিক্ষার মাধ্যমে তাদের কর্মীশক্তিকে আরও সক্ষম করে তুলতে পারবে।