ভূমিকম্প অ্যালার্ট: অ্যান্ড্রয়েড ফোনেই পাবেন আগাম সতর্কবার্তা


অ্যান্ড্রয়েড স্মার্টফোনে Earthquake Alerts চালু করলে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পাওয়া যায়।
সম্প্রতি কয়েক দফা ভূমিকম্পে কেঁপে ওঠার পর বাংলাদেশে আবারও আলোচনায় এসেছে ভূমিকম্প সতর্কবার্তা ব্যবস্থা। গত শুক্রবার দুপুর ১টা ৫৪ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। কম্পন টের পেয়ে বহু মানুষ বহুতল ভবন থেকে দ্রুত নেমে আসেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। এমন পরিস্থিতিতে কীভাবে আগে থেকেই সতর্ক হওয়া যায়—সেই প্রশ্নের উত্তর দিচ্ছে স্মার্টফোন প্রযুক্তি।
প্রযুক্তির অগ্রগতির ফলে এখন অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পাওয়া সম্ভব। মূল ভূমিকম্পের পর সম্ভাব্য আফটারশক সম্পর্কেও অ্যালার্ট দিতে পারে ফোন। এতে কয়েক সেকেন্ড আগেই ব্যবহারকারী সতর্ক হতে পারেন, যা জরুরি মুহূর্তে নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ তৈরি করে।
Google–এর ক্রাইসিস রেসপন্স ওয়েবপেজের তথ্য অনুযায়ী, “Android Earthquake Alerts System” নামের একটি সুবিধা অ্যান্ড্রয়েড ফোনের সেন্সর ব্যবহার করে কম্পন শনাক্ত করে। কাছাকাছি এলাকায় ভূমিকম্প শুরু হলে তাৎক্ষণিকভাবে সতর্কবার্তা পাঠানো হয়। গুগল জানায়, এই অ্যালার্ট কয়েক সেকেন্ড আগে পৌঁছাতে পারে, যা ব্যবহারকারীর নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শুধু গুগল নয়, আরও কিছু অ্যাপেও ভূমিকম্প সতর্কবার্তার সুবিধা রয়েছে। তবে অনেক সময় ব্যবহারকারীরা ফোনের নোটিফিকেশন বন্ধ রাখেন। ফলে অ্যালার্ট পেলেও তা চোখে পড়ে না। বিশেষজ্ঞরা বলছেন, জরুরি পরিস্থিতির কথা বিবেচনা করে এসব সেটিংস সক্রিয় রাখা উচিত।
অ্যান্ড্রয়েড ফোনে এই সুবিধা চালু করতে প্রথমে সেটিংসে যেতে হবে। এরপর “Safety & Emergency” অপশন নির্বাচন করে “Earthquake Alerts” চালু করতে হবে। পাশাপাশি “Emergency SOS” অপশনও অন রাখা ভালো। তবে সতর্কবার্তা পেতে হলে ফোনে অবশ্যই ইন্টারনেট সংযোগ চালু থাকতে হবে।
ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ আগাম থামানো সম্ভব নয়। তবে প্রযুক্তির সহায়তায় আগেভাগে সতর্ক হওয়া সম্ভব। সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনীয় সেটিংস চালু রাখলে ভবিষ্যতে ভূমিকম্প বা আফটারশকের সময় দ্রুত সতর্কবার্তা পাওয়া যাবে, যা ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।










