জিমেইলে এআই ফিচার চালু করল গুগল: জেনে নিন কী কী সুবিধা পাবেন


গুগলের জিমেইলে নতুন জেমিনি এআই ব্যবহারকারীকে ইমেইল পরিচালনা সহজ করতে সাহায্য করছে।
গুগল তার ইমেইল সার্ভিস জিমেইলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংযুক্ত করেছে। নতুন ‘জেমিনি’ নামের এআই সহকারী ব্যবহারকারীদের ইমেইল খোঁজা, করণীয় তালিকা তৈরি এবং উত্তর লেখা সহজ করবে। তবে ব্যবহারকারীর গোপনীয়তা নিয়ে কিছু উদ্বেগও দেখা দিয়েছে।
গুগল ধাপে ধাপে এই নতুন এআই ফিচার চালু করছে, যা চলতি বছরের জানুয়ারি থেকে ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হতে শুরু করেছে। জেমিনি ব্যবহারকারীর ইনবক্স বিশ্লেষণ করে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করতে পারবে। উদাহরণস্বরূপ, কেউ যদি জিজ্ঞেস করেন—‘গত মাসে কার সঙ্গে চাকরির বিষয়ে কথা হয়েছে?’—তাহলে জেমিনি সেই তথ্য দ্রুত খুঁজে দিতে সক্ষম।
নতুন ইনবক্স টুল ব্যবহারকারীর জন্য স্বয়ংক্রিয়ভাবে করণীয় তালিকা তৈরি করবে, ফলে আলাদা নোট নেওয়ার প্রয়োজন হবে না। ইমেইল লেখার ক্ষেত্রে থাকবে স্বয়ংক্রিয় প্রুফরিডার এবং প্রাসঙ্গিক উত্তর সাজেশন সুবিধা। ব্যবহারকারী চাইলে তা সরাসরি পাঠাতে বা পরিবর্তন করতে পারবেন।
গুগল জানিয়েছে, কিছু ফিচার বিনামূল্যে ব্যবহারযোগ্য হবে। তবে উন্নত সুবিধার জন্য সাবস্ক্রিপশন প্রয়োজন। কোন ফিচার ফ্রি এবং কোনটি পেইড, তা ধাপে ধাপে জানানো হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, জেমিনির মাধ্যমে ইমেইল ব্যবহারের ধরণ বদলাতে পারে। ব্যবহারকারীরা এক নজরে ইনবক্স সারসংক্ষেপ দেখতে পারবেন, গুরুত্বপূর্ণ কাজ দ্রুত চিহ্নিত হবে এবং অপ্রয়োজনীয় মেইল আলাদা করার ঝামেলা কমবে।
তবে গোপনীয়তা নিয়ে উদ্বেগও রয়েছে। জেমিনিকে কার্যকরভাবে কাজ করতে হলে পুরো ইনবক্সে অ্যাক্সেস দিতে হবে, যা ব্যক্তিগত তথ্য বিশ্লেষণের ঝুঁকি তৈরি করতে পারে। গুগল দাবি করছে, তথ্য সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কর্মীরা ব্যক্তিগত মেইল পড়ে না।
নিউইয়র্ক টাইমসের প্রযুক্তি প্রতিবেদক ব্রায়ান এক্স চেন এক সপ্তাহ ধরে এআই-যুক্ত জিমেইল ব্যবহার করেছেন। তার অভিজ্ঞতা অনুযায়ী, স্বয়ংক্রিয় করণীয় তালিকা কার্যকর হলেও ইমেইল লেখার গতি বাড়ানোর টুলগুলো পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি।










