ইফতারে কোন মসজিদে মিলবে বিরিয়ানি, জানাবে ‘বিরিয়ানি দিবে’ অ্যাপ

প্রযুক্তি ডেস্ক
প্রযুক্তি ডেস্ক
২২ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৮:১৭ এএম
রমজানে ইফতারের বিরিয়ানি খুঁজে দেবে ‘বিরিয়ানি দিবে’ অ্যাপ

রমজানে ইফতারের বিরিয়ানি খুঁজে দেবে ‘বিরিয়ানি দিবে’ অ্যাপ

রমজান মাসে ইফতারে কোন মসজিদে বিরিয়ানি বিতরণ করা হবে—এই তথ্য জানাতে চালু হয়েছে নতুন একটি অ্যাপ। ‘বিরিয়ানি দিবে’ নামের এই উদ্যোগটি নিয়েছেন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স। রমজানের শুরুতেই তার এই ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছে।

বাঙালির খাদ্যসংস্কৃতিতে বিরিয়ানি শুধু জনপ্রিয় খাবার নয়, এক ধরনের আবেগও বটে। বিশেষ করে রমজানে ইফতারের সময় মসজিদে বিরিয়ানি বিতরণ নিয়ে প্রতিবছরই সামাজিক মাধ্যমে নানা পোস্ট ও মিম দেখা যায়। সেই আগ্রহ থেকেই তৈরি হয়েছে এই অ্যাপ।

আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স রাজধানীর International University of Business Agriculture and Technology-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। প্রযুক্তির ব্যবহার করে একটি সহজ প্ল্যাটফর্ম তৈরি করেছেন, যেখানে ব্যবহারকারীরা লাইভ লোকেশন যুক্ত করতে পারেন।

অ্যাপ ও সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দিষ্ট মসজিদের অবস্থান যুক্ত করা যায়। ফলে আগ্রহীরা আগে থেকেই জানতে পারেন কোথায় ইফতারে বিরিয়ানি বিতরণ হবে। একজন ব্যবহারকারী তথ্য যুক্ত করলে অন্যরাও তা দেখতে পারেন। এতে অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয় সহজ হয়।

জুবায়ের বলেন, “এটি মূলত একটি ফান প্রজেক্ট। এখানে লাইভ লোকেশন অ্যাড করা যায়। যে কেউ চাইলে ভিজিট করে দেখতে পারবেন কোথায় বিরিয়ানি দেওয়া হচ্ছে।” তার ভাষ্য, রমজানের আনন্দ ভাগাভাগি করতেই এই উদ্যোগ।

সামাজিক মাধ্যমে ইতোমধ্যে অ্যাপটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে সৃজনশীল উদ্যোগ হিসেবে দেখছেন। প্রযুক্তিনির্ভর এমন ছোট উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজে লাগানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।